যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয়
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর
৪ অক্টোবর ২০২৬

ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রকল্প বাস্তবায়নের পথে থাকা প্রতিবন্ধকতা দ্রুত দূর করে দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ নির্দেশ দেওয়া হয়।

সভায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগকে সমন্বিতভাবে প্রকল্পের বিদ্যমান পরিকল্পনা পর্যালোচনা করে নির্মাণকাজ ত্বরান্বিত করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়ায় যেসব সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের পাশাপাশি সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে কার্যকর সমন্বয়ের ওপরও গুরুত্ব দেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রী প্রকল্পের কাজ শেষ করতে একটি বাস্তবসম্মত সময়সীমা নির্ধারণের নির্দেশ দেন। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করার তাগিদ দেন।

এর আগে জুলাইয়ে অনুষ্ঠিত এক পর্যালোচনা সভায় জানানো হয়েছিল, ঢাকার ইনার সার্কুলার রিং রোড প্রকল্পটি গাবতলী থেকে বাবুবাজার এবং পোস্তগোলা থেকে ডেমরা পর্যন্ত বিস্তৃত। ১২ কিলোমিটার দীর্ঘ এই প্রকল্পের রায়েরবাজার, হাজারীবাগ ও কামরাঙ্গীরচর অংশে নির্মাণকাজ চলছিল এবং তখন পর্যন্ত প্রায় ৪৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছিল।

বৃত্তাকার সড়কটি নির্মিত হলে ঢাকা-সিলেট, ঢাকা-মাওয়া ও ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনের একটি অংশকে রাজধানীর অভ্যন্তরীণ সড়ক ব্যবহার করতে হবে না। এতে নগরীর প্রধান সড়কগুলোর ওপর যানবাহনের চাপ কমানোর সুযোগ তৈরি হবে।

সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।