সৌদিতে হুতি হামলার ঘটনায় বাংলাদেশের ফের নিন্দা
সৌদি আরবে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের অব্যাহত হামলার ঘটনায় আবারও নিন্দা জানিয়েছে বাংলাদেশ। দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি আহত হওয়ার পরিপ্রেক্ষিতে শুক্রবার (২৩ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে সৌদি সরকার ও জনগণের প্রতি সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ।
গত বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় দাম্মামের বাদশা ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। বৃহস্পতিবার প্রকাশিত সংবাদমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় এক ভারতীয় ও এক সৌদি নাগরিক নিহত হয়েছেন।
সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে দুই বাংলাদেশি ছাড়াও দুই ভারতীয়, দুই ইয়েমেনি, একজন সৌদি ও একজন নেপালি নাগরিক রয়েছেন। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
বিবৃতিতে বাংলাদেশ সব ধরনের হামলা অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি কূটনীতির মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ সমাধানের ওপর গুরুত্বারোপ করেছে ঢাকা।
এর আগে গত ১০ অক্টোবর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশি নিহত হন। ওই ঘটনার পরদিন পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে হামলার তীব্র নিন্দা জানায়।


