পাহাড়ে শান্তি ফেরানোর চেষ্টায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
পাহাড়ে শান্তি ফেরানোর চেষ্টায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ অক্টোবর ২০২৬

পাহাড়ের সাম্প্রতিক পরিস্থিতি ও দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সাজেকের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে। পাহাড়ি এলাকায় সক্রিয় বিভিন্ন গ্রুপের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে পর্যটন মৌসুমে পরিস্থিতি প্রভাবিত করার চেষ্টা থাকলেও শান্তি বজায় রাখতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

রোববার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে দুর্গাপূজাপরবর্তী আইনশৃঙ্খলা ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, পরিস্থিতির টেকসই সমাধানে স্থানীয় রাজনৈতিক প্রতিনিধি ও সংসদ সদস্যরাও কাজ করছেন।

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না

দেশে অস্থিতিশীলতা সৃষ্টির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি কিংবা অন্য কোনো গোষ্ঠীকে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হবে না। গণঅভ্যুত্থানের মুখে দেশত্যাগে বাধ্য হওয়া এবং নিরীহ মানুষ হত্যার সঙ্গে জড়িতদের অপতৎপরতা বাংলাদেশে চলতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুঞ্জন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ডিসেম্বরে তাঁর দেশে ফেরার বিষয়ে আলোচনা তাঁর নজরে এসেছে। তবে তাঁকে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে একাধিকবার আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে। এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট বলে জানান তিনি।

গোপালগঞ্জের ঘটনায় আইনি ব্যবস্থা

গোপালগঞ্জে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠন ছাত্রলীগ ও যুবলীগের কয়েকজন সদস্য ঝটিকা মিছিলের চেষ্টা করেছিলেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে। ঘটনাস্থলে পুলিশের সংখ্যা কম থাকায় হামলার ঘটনা ঘটে বলে তিনি উল্লেখ করেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে। এ বিষয়ে রাজনৈতিক সমঝোতা হয়েছে বলে দাবি করেন তিনি। সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা আনুষ্ঠানিকভাবে পুনঃপ্রতিষ্ঠা করা হবে বলেও জানান তিনি।

দুর্গাপূজায় নিরাপত্তা নিয়ে সন্তোষ

এবার শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর ভাষ্য, বহু বছর পর সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদ ও সম্প্রীতিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করেছেন।

তিনি জানান, প্রযুক্তির ব্যবহার, অ্যাপভিত্তিক নজরদারি এবং আগাম সতর্কতামূলক ব্যবস্থার মাধ্যমে দেশের ৩৩ হাজার ৮৫১টি পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল।

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভূমিকা রাখায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাধারণ জনগণ ও সংবাদকর্মীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।