ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি

জাতীয়
ঢাকা ওয়াসার ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি
২৯ অক্টোবর ২০২৬

ঢাকা ওয়াসার কার্যক্রমে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেছেন, গ্রাহকদের কাছ থেকে আদায় করা বিলের অর্থ যথাযথভাবে কাজে লাগিয়ে পানিসেবার মান বাড়াতে হবে। বিল পরিশোধের পর ঢাকাবাসীকে পানিপ্রাপ্তি নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে ঢাকা ওয়াসা ভবন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, আইন সংশোধনের মাধ্যমে সারা দেশে ওয়াসার বোর্ড ব্যবস্থা তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। তাঁর মতে, বোর্ডের কারণে উন্নয়নমূলক কাজ বাধাগ্রস্ত হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শহরে পানির চাহিদা বাড়ছে উল্লেখ করে মীর শাহে আলম বলেন, ভূগর্ভস্থ পানি উত্তোলনের পাশাপাশি পানির সরবরাহব্যবস্থা উন্নয়নে গুরুত্ব দিতে হবে। ১৬ ইউনিয়নভিত্তিক প্রকল্পের কাজের গতি বাড়িয়ে দ্রুত শেষ করতে হবে। একই সঙ্গে পূর্বাচল এলাকায় দ্রুত পানির নেটওয়ার্ক গড়ে তোলার নির্দেশ দেন তিনি।

ওয়াসার কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, সেবার মান বাড়াতে রাষ্ট্রের কাছে অতিরিক্ত সহযোগিতা চাওয়ার পরিবর্তে গ্রাহকদের কাছ থেকে আদায় করা বিলের অর্থ কার্যকরভাবে ব্যবহার করতে হবে। ঢাকাবাসী বিল পরিশোধের পর যেন নিয়মিত পানি পান, তা নিশ্চিত করা ওয়াসার দায়িত্ব।

দুই মাস পর আবারও ওয়াসা ভবন পরিদর্শনে আসার কথা জানিয়ে তিনি বলেন, এর মধ্যে কোনো প্রকল্প পরিচালকের কাজে ব্যর্থতা পাওয়া গেলে তাঁকে সরিয়ে দেওয়া হবে। দীর্ঘমেয়াদে কত জনবল প্রয়োজন এবং কার্যক্রমের আওতা কতটা বাড়ানো দরকার, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পরিকল্পনা দিতে বলেন তিনি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন প্রতিমন্ত্রী।

কর্মকর্তাদের দলীয় কর্মকাণ্ডে জড়িয়ে না পড়ে জনসেবায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চলাফেরা ও খাদ্যাভ্যাস অনুসরণ করে কর্মকর্তাদেরও কর্মজীবনে শৃঙ্খলাবদ্ধ হওয়া উচিত।

তিনি বলেন, ভূগর্ভস্থ পানির ওপর নির্ভরতা কমিয়ে তা ২০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য রয়েছে। এ জন্য ভূ-উপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে। তাঁর ভাষ্য, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমানো গেলে ভূমিকম্পের ঝুঁকি কমানোর ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

ঢাকা ওয়াসার অবৈধ বা চোরাই পানির লাইন শনাক্ত করার নির্দেশ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, এসব লাইনের সঙ্গে কোনো রাজনৈতিক কর্মী বা স্থানীয় সন্ত্রাসী জড়িত থাকলে সংশ্লিষ্টদের তথ্য জানাতে হবে। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পানি ব্যবহারে ঢাকাবাসীকে আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অপচয় কমালে গ্রাহকদের পানির বিল কম আসতে পারে। পাশাপাশি ওয়াসার পানি সরবরাহব্যবস্থার ওপর চাপও কমবে।