যান্ত্রিক ত্রুটি সারানোর পর ঢাকার পথে প্রধানমন্ত্রী

জাতীয়
যান্ত্রিক ত্রুটি সারানোর পর ঢাকার পথে প্রধানমন্ত্রী
২৯ অক্টোবর ২০২৬

যান্ত্রিক ত্রুটি মেরামতের পর প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ভিভিআইপি ফ্লাইট বিজি-৩৭৭ জাপান থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জাপানের স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ফ্লাইটটি উড্ডয়ন করে।

এর আগে উড়োজাহাজটির স্পয়লারে ত্রুটিসংক্রান্ত সংকেত পাওয়ায় প্রধানমন্ত্রীর দেশে ফেরার যাত্রা বিলম্বিত হয়। নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পাইলট উড্ডয়নের সিদ্ধান্ত স্থগিত করেন। পরে উড়োজাহাজটিকে পার্কিং এলাকায় ফিরিয়ে নিয়ে কারিগরি পরীক্ষা ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্রে জানা গেছে, নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার আগে বিজি-৩৭৭ ফ্লাইটটির বোর্ডিং সম্পন্ন হয়। এরপর উড়োজাহাজটিকে টার্মিনাল থেকে পুশব্যাক করে রানওয়ের দিকে নেওয়া হচ্ছিল। এ সময় ককপিটে স্পয়লারের ত্রুটিসংক্রান্ত সংকেত দেখা যায়।

পরিস্থিতি বিবেচনায় নিয়ে পাইলট তাৎক্ষণিকভাবে উড্ডয়ন স্থগিত করেন। কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমন্বয় করে উড়োজাহাজটিকে নির্ধারিত পার্কিং এলাকায় ফিরিয়ে নেওয়া হয়। এরপর ত্রুটি শনাক্ত ও মেরামতের কাজ শুরু করেন প্রকৌশলীরা।

ত্রুটি মেরামতে দীর্ঘ সময় লাগায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রতিনিধিদলের সদস্যরা উড়োজাহাজ থেকে নেমে যান। অন্য যাত্রীদেরও অপেক্ষার জন্য বিমানবন্দরের লাউঞ্জে নেওয়া হয়।

ফ্লাইটটির বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে উড্ডয়নের কথা ছিল। তবে নির্ধারিত সময়ের প্রায় ৪০ মিনিট পর ককপিট থেকে পাইলট যান্ত্রিক ত্রুটির কারণে যাত্রা বিলম্বিত হওয়ার কথা জানান এবং যাত্রীদের কাছে দুঃখপ্রকাশ করেন।

প্রকৌশলীদের পরীক্ষা-নিরীক্ষা ও মেরামত শেষে ত্রুটি সারানো হলে উড়োজাহাজটি পুনরায় যাত্রার জন্য প্রস্তুত করা হয়। পরে স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে ঢাকার উদ্দেশে উড্ডয়ন করে ফ্লাইটটি।