সাংবাদিক কার্ড অনলাইনে দিতে ১২ সদস্যের কমিটি গঠন ইসির
নির্বাচনি দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যুর প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে সফটওয়্যার তৈরির প্রয়োজনীয় কাঠামো নির্ধারণে ‘সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন’ (এসআরএস) প্রণয়নের জন্য ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার বিষয়টি জানান।
ইসি সচিব আখতার আহমেদের গঠন করা কমিটির আদেশে বলা হয়েছে, সাংবাদিকদের অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো প্রক্রিয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দেবে কমিটি।
কমিটির আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মো. সামসুল আলমকে। সদস্য হিসেবে রয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. আব্দুল মমিন সরকার। এছাড়া রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয়, তথ্য অধিদপ্তর ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।
কমিটির কার্যপরিধি অনুযায়ী, সাংবাদিকদের নির্বাচনি দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুতে সফটওয়্যার উন্নয়নের অংশ হিসেবে এসআরএস প্রণয়ন করতে হবে। একই সঙ্গে অনলাইন নিবন্ধন, তথ্য যাচাই, আবেদন প্রক্রিয়া এবং কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রম কীভাবে সফটওয়্যারের মাধ্যমে পরিচালনা করা হবে, সে বিষয়ে কাঠামো ও সুপারিশ তৈরি করবে কমিটি।
প্রয়োজনে কমিটি সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ বা প্রয়োজনীয় ব্যক্তিকে নতুন সদস্য হিসেবে যুক্ত করতে পারবে। অর্থাৎ সফটওয়্যার ও কার্ড ইস্যু প্রক্রিয়াকে আরও কার্যকর করতে প্রয়োজন অনুযায়ী বিশেষজ্ঞ মতামত নেওয়ার সুযোগ রাখা হয়েছে।
এর আগে গত ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য অনলাইনে কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছিল ইসি। সে সময় পর্যাপ্ত পরীক্ষামূলক কার্যক্রম ছাড়াই একটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদন নেওয়া শুরু হয়। পরে আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ১৪ হাজার সাংবাদিকের তথ্য উন্মুক্ত হয়ে পড়ার বিষয়টি সামনে আসে।
এ ঘটনায় গণমাধ্যমকর্মীদের মধ্যে আপত্তি ও সমালোচনা তৈরি হলে ওই প্রক্রিয়া থেকে সরে আসে নির্বাচন কমিশন।
এবার আগের অভিজ্ঞতা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনা করে নিরাপদ ও কার্যকর সফটওয়্যার তৈরির দিকে এগোচ্ছে ইসি। নতুন ব্যবস্থায় সাংবাদিকদের নিবন্ধন ও কার্ড ইস্যুর পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ, নিরাপদ ও সুশৃঙ্খল করার লক্ষ্য নেওয়া হয়েছে।


