ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত করলেই প্রমাণ মিলবে: প্রতিমন্ত্রী নুর

অন্যান্য
ছাত্র উপদেষ্টাদের দুর্নীতি তদন্ত করলেই প্রমাণ মিলবে: প্রতিমন্ত্রী নুর
১২ সেপ্টেম্বর ২০২৬

সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে গুরুতর দুর্নীতির অভিযোগ তুলেছেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। নিরপেক্ষ তদন্ত করা হলে প্রত্যেক ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে অন্তত শতকোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া যাবে বলে দাবি করেছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে গণঅধিকার পরিষদ, মহানগর দক্ষিণের কর্মিসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ অভিযোগ করেন।

নুরুল হক নুর বলেন, শুধু একজন নয়, সাবেক অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা প্রত্যেকের বিষয়ে সঠিক ও নিরপেক্ষ তদন্ত করা প্রয়োজন। তদন্ত হলে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তত শতকোটি টাকার দুর্নীতির তথ্য পাওয়া যাবে বলে দাবি করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জুলাই গণ-অভ্যুত্থানের পর জাতীয় ঐক্য ধরে রেখে রাষ্ট্র পুনর্গঠনের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, তা বাস্তবায়িত হয়নি বলেও মন্তব্য করেন নুর। এর জন্য অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এবং ছাত্র উপদেষ্টাদের ভূমিকা দায়ী বলে অভিযোগ করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের ব্যাপক সমর্থন ও ঐক্য তৈরি হয়েছিল। কিন্তু সেই ঐক্য ধরে রাখা সম্ভব হয়নি। এতে গণ-অভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়েছে।

ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে নুরুল হক নুর বলেন, গণমাধ্যমের মাধ্যমে সামনে আসা এসব ছাত্র উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করেছেন। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, বিপ্লবের আড়ালে তারা ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িয়েছেন এবং বিভিন্ন সুবিধাবাদী গোষ্ঠীর সঙ্গে আঁতাত করেছেন। তরুণদের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছিল, তাদের কর্মকাণ্ড সেই প্রত্যাশাকে বাধাগ্রস্ত করেছে বলে মন্তব্য করেন তিনি।

নিজেদের সরকারের ছয় মাসের দায়িত্ব পালনের প্রসঙ্গ তুলে নুর বলেন, ‘এই যে ছয় মাস দায়িত্বে আছি, যে যত কথাই বলুক—স্পেসিফিকভাবে কেউ কোনো দুর্নীতি-অনিয়ম প্রমাণ করতে পারবে না। যেদিন প্রমাণ করবে, আমরা বলেছি সেদিন আমরা দায়িত্ব ছেড়ে দেব।’

রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের প্রতি দায়বদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের ভ্যাট-ট্যাক্সের অর্থে রাষ্ট্র পরিচালিত হয়। তাই রাষ্ট্রের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার সঙ্গে জনগণকে সেবা দিতে হবে।