বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের ভারতের জায়গা দখল করল যুক্তরাষ্ট্র
বাংলাদেশের বাণিজ্য অংশীদারদের তালিকায় বড় পরিবর্তন এসেছে। ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসেবে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) হিসাব অনুযায়ী, গত অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। বিপরীতে ভারতের সঙ্গে মোট বাণিজ্য হয়েছে ১০ দশমিক ৭২ বিলিয়ন ডলার। তালিকার শীর্ষে আগের মতোই রয়েছে চীন।
মূলত যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের পণ্য আমদানি উল্লেখযোগ্য হারে বেড়ে যাওয়ায় এই পরিবর্তন ঘটেছে। গত এক বছরে যুক্তরাষ্ট্র থেকে আমদানি প্রায় ৪৩ শতাংশ বেড়ে ৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
মার্কিন শুল্ক নীতির প্রভাব মোকাবিলায় যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য ও জ্বালানি আমদানি বাড়ানোর কৌশল নেয় বাংলাদেশ। এর ফলে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন বীজ, তুলা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
এ ছাড়া মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে ১৪টি বিমান কেনার সিদ্ধান্তও দুই দেশের বাণিজ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
অন্যদিকে, ভারত-বাংলাদেশ বাণিজ্যে কিছুটা নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। গত এক বছরে দুই দেশের মধ্যে বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধ ও পাল্টাপাল্টি পদক্ষেপের কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাংলাদেশ স্থলবন্দর দিয়ে ভারত থেকে সুতা আমদানি বন্ধ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে ভারতও কলকাতা বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে পাঠানোর বিশেষ সুবিধা প্রত্যাহার করে।
ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যে কিছুটা টানাপোড়েন তৈরি হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে ঢাকার অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও গভীর হচ্ছে। বাণিজ্য অংশীদারদের তালিকায় যুক্তরাষ্ট্রের দ্বিতীয় অবস্থানে উঠে আসাকে দুই দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: ফার্স্টপোস্ট


