আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থীর চাকরি হলো প্রধানমন্ত্রীর উদ্যোগে

অন্যান্য
আজন্ম দৃষ্টিহীন রাবি শিক্ষার্থীর চাকরি হলো প্রধানমন্ত্রীর উদ্যোগে
১৬ সেপ্টেম্বর ২০২৬

নওগাঁর প্রত্যন্ত এলাকা থেকে উঠে এসে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করা আজন্ম দৃষ্টিহীন শাকিল হোসেন অবশেষে চাকরি পেয়েছেন। প্রধানমন্ত্রীর উদ্যোগে তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে শাকিল হোসেনের হাতে নিয়োগপত্র তুলে দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।

শাকিল হোসেন নওগাঁর একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেন। জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন হলেও নানা প্রতিকূলতা পেরিয়ে স্কুল-কলেজের পড়াশোনা শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শিক্ষাজীবন শেষ করার পর চাকরির জন্য বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছিলেন শাকিল। তবে দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তায় ছিলেন তিনি।

তার চাকরির বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি রুহুল কবির রিজভীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা হিসেবে শাকিলের চাকরির ব্যবস্থা করা হয়।

নিয়োগপত্র হস্তান্তরের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলুসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

শাকিলের চাকরি পাওয়ার ঘটনাটি সামাজিক ও শিক্ষা ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার বিষয়টিকেও সামনে এনেছে।