গভীর নিম্নচাপে রূপ নিয়েছে সাগরের নিম্নচাপ, ১২ জেলায় ঝোড়ো হাওয়ার শঙ্কা
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দেশের ১২ জেলায় অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, ঝোড়ো হাওয়ার আশঙ্কা থাকা ১২ জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
এদিকে গভীর নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
গভীর নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত ও ঝোড়ো হাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।


