মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে লুটপাট, গ্রেপ্তার ৯; ওসি প্রত্যাহার

অন্যান্য
মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে লুটপাট, গ্রেপ্তার ৯; ওসি প্রত্যাহার
২৭ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর-১ নম্বরের বেসরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্র ‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার’-এ হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। একই ঘটনায় লুট হওয়া মালামালের মধ্যে দুই ট্রাক সামগ্রী উদ্ধার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) ডিএমপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপি কমিশনারের কার্যালয়ের এক অফিস আদেশে জানানো হয়, প্রশাসনিক কারণে জাহাঙ্গীর আলমকে তাঁর বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ জানিয়েছিলেন, রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও লুটপাট প্রতিরোধে পুলিশের দায়িত্ব ছিল। কোনো পুলিশ সদস্যের অবহেলা বা গাফিলতির প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অপরাধী যে দল বা মতেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মুখোশধারী ২০০ থেকে ২৫০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা চালায়। হামলাকারীরা নিরাপত্তাকর্মীদের হাত-পা বেঁধে জিম্মি করার পর স্বাস্থ্যকেন্দ্রটির একটি পাকা ও তিনটি সেমিপাকা ভবন গুঁড়িয়ে দেয়।

পরে ধ্বংসস্তূপের ওপর একটি দোকানদার সমবায় সমিতির সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়।

স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক ডা. নাসরিন আখতার অভিযোগ করেন, হামলাকারীরা সরকারি ইপিআই টিকা, টিকাদানের গুরুত্বপূর্ণ রেজিস্টার, নগদ প্রায় ১১ লাখ ৪০ হাজার টাকা এবং প্রায় ৪৫ লাখ টাকা মূল্যের একটি আলট্রাসনোগ্রাম মেশিন নিয়ে গেছে। এ ছাড়া জেনারেটর, ফ্রিজ, এসি, সিসিটিভি ক্যামেরা, ফাইল কেবিনেট, ল্যাবরেটরি সরঞ্জাম, কম্পিউটার, ল্যাপটপসহ বিপুল পরিমাণ আসবাবপত্র লুট করা হয়েছে।

তিনি জানান, শুধু মালামাল ও চিকিৎসা সরঞ্জামের আর্থিক ক্ষতির পরিমাণ অন্তত দেড় কোটি টাকা।

হামলার পর স্বাস্থ্যকেন্দ্রটির মূল স্থাপনা ধ্বংস হয়ে গেলেও স্বাস্থ্যকর্মীরা ত্রিপল টানিয়ে খোলা আকাশের নিচে প্রসূতি নারী ও শিশুদের টিকাদানসহ জরুরি স্বাস্থ্যসেবা চালু রেখেছেন।

এ ঘটনায় স্বাস্থ্যকেন্দ্রটির নির্বাহী পরিচালক বাদী হয়ে শাহ আলী থানায় মামলা করেছেন।

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারটি বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে প্রায় ৫০ বছর ধরে মিরপুর এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, পরিবার পরিকল্পনা এবং শিশুদের নিয়মিত টিকাদান কার্যক্রম পরিচালনা করে আসছিল।