ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সুষ্ঠু করতে সব ব্যবস্থা নেওয়া হয়েছে: সিইসি
ভালো নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের মনিটরিং সেল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি বলেন, ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ভোট সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা সদস্য মাঠে মোতায়েন থাকবে।
তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় যেভাবে মনিটরিং সেল কাজ করেছে, একইভাবে ঠাকুরগাঁও-১ উপনির্বাচনেও কেন্দ্রীয় মনিটরিং সেল কাজ করবে। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো রয়েছে বলেও জানান তিনি।
উপনির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা নিশ্চয়তা দিচ্ছি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যেভাবে দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে, এই উপনির্বাচনের ক্ষেত্রেও ইনশাআল্লাহ প্রশংসা হবে। এই উদ্দেশ্যে যা যা পদক্ষেপ নেওয়া দরকার, আমরা সব ধরনের ব্যবস্থা নেব।’
কেন্দ্রীয়ভাবে নির্বাচন পর্যবেক্ষণের কথা জানিয়ে সিইসি বলেন, ভোটের সময় মাঠের সার্বিক ও চলমান পরিস্থিতি রিয়েল টাইমে কেন্দ্র থেকে মনিটর করা হবে। এর মাধ্যমে প্রয়োজন অনুযায়ী দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
এদিকে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সামনে রেখে রোববার দুপুরে নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে ইসি। সিইসি এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে অন্য নির্বাচন কমিশনাররাও উপস্থিত ছিলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিইসি বলেন, নির্বাচনের সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মাঠে থাকবে।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের সুযোগ থাকবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ৬ অক্টোবর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ইসির তফসিল অনুযায়ী, স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট নেওয়া হবে।
এদিকে দেশের অভ্যন্তরে পোস্টাল ভোটিংয়ের জন্য নিবন্ধন কার্যক্রমও শুরু করেছে ইসি। রোববার ২৭ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত সরকারি কর্মকর্তা-কর্মচারী ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন।
এর আগে ১২ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত প্রবাসী ভোটারদের পোস্টাল ভোটের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় আসনটি শূন্য হয়। ওই শূন্য আসনেই উপনির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির তথ্য অনুযায়ী, আসনটির ভোটকেন্দ্রসংক্রান্ত তথ্যও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।


