গাজীপুরে বিকাশের টাকা বহনকারী গাড়িতে হামলা, লুট প্রায় ৩ কোটি টাকা
গাজীপুরের শ্রীপুরে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান বিকাশের ডিস্ট্রিবিউটরের নগদ টাকা বহনকারী একটি প্রাইভেটকারে হামলা চালিয়ে প্রায় তিন কোটি টাকা লুটের ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক কর্মকর্তা আহত হয়েছেন। আহত হয়েছেন গাড়িচালক ও এরিয়া ম্যানেজারও। ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যার দিকে শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কের কর্ণপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস ম্যানেজার হিমেল, প্রাইভেটকারের চালক লাল মিয়া এবং এরিয়া ম্যানেজার ফরহাদ। গুলিবিদ্ধ হিমেলকে শ্রীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিকাশের ডিস্ট্রিবিউটর ‘ভালুকা চ্যানেল এন্টারপ্রাইজ লিমিটেড, শ্রীপুর’-এর ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, প্রতিষ্ঠানটি শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় বিকাশের কার্যক্রম পরিচালনা করে। শুক্রবার ব্যাংক বন্ধ থাকায় এবং পোশাকশ্রমিকদের বেতন দেওয়ার চাপ থাকায় নগদ টাকার সংকট দেখা দেয়। এ পরিস্থিতিতে বিকাশের নিয়ম অনুযায়ী নরসিংদী সদরের ডিস্ট্রিবিউটর ‘হযরত আলী মুন্সী’কে বিকাশের ব্যালেন্স দিয়ে নগদ টাকা আনা হচ্ছিল।
তিনি জানান, নগদ টাকা নিয়ে ফেরার পথে প্রাইভেটকারটি কর্ণপুর এলাকায় পৌঁছালে ১০ থেকে ১২টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা গাড়িটির পথরোধ করে। এ সময় তারা চাইনিজ কুড়ালসহ দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির কাচ ভেঙে ফেলে। পরে পিস্তল বের করে অ্যাকাউন্টস ম্যানেজার হিমেলকে গুলি করে।
মোস্তাফিজুর রহমানের ভাষ্য অনুযায়ী, প্রাইভেটকারে তিনটি প্লাস্টিকের বস্তায় মোট চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা বস্তাগুলো নিয়ে পালিয়ে যায়। তাঁদের ধারণা, লুট হওয়া টাকার পরিমাণ প্রায় তিন কোটি টাকা।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম বলেন, খবর পেয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল ও আহত ব্যক্তিদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। তদন্ত শেষে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


