পূজা উদ্যাপনে হিন্দু সম্প্রদায়ের পাশে থাকবে এনসিপি: নাহিদ
ধর্মীয় উৎসব পালনে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যেখানে নিরাপত্তা নিয়ে কাউকে উদ্বিগ্ন হতে হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, যার যার ধর্ম, সে নির্বিঘ্নে পালন করবে—এটাই প্রত্যাশা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দলের কার্যালয়ে দুর্গাপূজার আমন্ত্রণ ও শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, পূজা এলেই নিরাপত্তার বিষয়টি সামনে আসে। তিনি এমন একটি দিন দেখতে চান, যখন ধর্মীয় উৎসব পালনের সময় নিরাপত্তা নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না। নিরাপত্তাকে গুরুত্ব দেওয়ার অর্থই হলো, কোথাও না কোথাও আশঙ্কা রয়ে গেছে। সেই আশঙ্কামুক্ত পরিবেশে সবাই নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করবেন—এটাই তাঁর প্রত্যাশা।
এনসিপির পক্ষ থেকে সারাদেশে দুর্গাপূজা উদ্যাপনে সর্বাত্মক সহযোগিতা করা হবে জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে দলের নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
নাহিদ ইসলাম আরও বলেন, এনসিপি একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়তে চায়, যেখানে ধর্মীয় বা জাতীয় পরিচয়ের ভিত্তিতে কোনো ভেদাভেদ থাকবে না। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ বৈষম্যের শিকার হলে দলটি তার প্রতিবাদ করবে এবং এ বিষয়ে কথা বলবে।
সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশের সম্প্রীতি নষ্ট করার মতো পরিস্থিতি তৈরি হলে প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম এ নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করতে চায়, এমন ব্যক্তিরা শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও মন্তব্য করেন তিনি।
একই অনুষ্ঠানে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন বলেন, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানরা এ দেশেরই নাগরিক; তাঁরা আলাদা কেউ নন। সবাইকে মিলেমিশে বসবাস করার পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।


