মানুষের পাশে দাঁড়িয়ে দৃষ্টান্ত স্থাপন করেছে জেডআরএফ: জুবাইদা রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, ছবি: প্রধানমন্ত্রীর প্রেস উইং
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) মানবসেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গঠিত এবং তারেক রহমানের উদ্যোগ ও অনুপ্রেরণায় প্রতিষ্ঠিত এই সংগঠন মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে।
রোববার রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে জেডআরএফের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জুবাইদা রহমান বলেন, ২৭ বছরের পথচলায় মানবসেবার ছোট উদ্যোগ থেকে জেডআরএফ আজ বৃহৎ প্রতিষ্ঠানে পরিণত হওয়ার পথে। ‘মানুষের জন্য মানুষ, একটু চেষ্টা, একটি উদ্যোগ’—এই সংকল্পকে ধারণ করে সংগঠনটি এগিয়ে যাচ্ছে। তিনি ফাউন্ডেশনের সদস্যদের প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানান।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের পাশে থাকার ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবে জেডআরএফ। বিভিন্ন সেবামূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনটি বিশ্বজুড়েও মানবিকতার দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম। স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের পরিচালক ও উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে ফাউন্ডেশনের সেবামূলক কার্যক্রম নিয়ে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে জেডআরএফ আয়োজিত আইডিয়া ফেস্ট প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে চেক ও সনদ বিতরণ করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দল। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, খাদ্যমন্ত্রী আফরোজা খানম, ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জিয়াউর রহমান ফাউন্ডেশন একটি অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন। ১৯৯৯ সালের ১৮ অক্টোবর সংগঠনটির যাত্রা শুরু হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার উদ্দেশ্যে তাঁর ছেলে তারেক রহমান এটি প্রতিষ্ঠা করেন।
‘একটি উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা’—এই স্লোগানকে সামনে রেখে জেডআরএফ দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে। বিভিন্ন মানবিক কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি দেশের বিভিন্ন অঞ্চলে সেবা কার্যক্রম পরিচালনা করছে।


