প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর প্রটোকল বিতর্ক, স্ট্যান্ড রিলিজ কমিশনার

অন্যান্য
প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর প্রটোকল বিতর্ক, স্ট্যান্ড রিলিজ কমিশনার

অতিরিক্ত সচিব ইউসুফ আলী প্রধানমন্ত্রীর সঙ্গে আলিঙ্গনের চেষ্টা করছেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

২১ অক্টোবর ২০২৬

রাজশাহীর বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মো. ইউসুফ আলীকে স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বদলির আদেশ জারির রাতেই তিনি রাজশাহী ছেড়েছেন। তার স্থলে ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুগ্মসচিব রেজাউল আলম সরকারকে।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊনি-১ শাখার উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে ইউসুফ আলীকে বদলি করা হয়।

এর আগে মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহনকারী উড়োজাহাজ রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। জনসভা শেষে সন্ধ্যা ৭টার দিকে একই উড়োজাহাজে রাজশাহী ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানানোর সময় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী তার সঙ্গে হাত মেলাতে এগিয়ে যান। এ সময় তাকে প্রধানমন্ত্রীর দিকে ঝুঁকে কিছুটা এগিয়ে আলিঙ্গনের মতো ভঙ্গি করতে দেখা যায়।

ওই ঘটনার পরপরই ইউসুফ আলীকে বদলির আদেশ জারি হওয়ায় বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। তবে বদলির আদেশের সঙ্গে বিমানবন্দরের ওই ঘটনার সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা আদেশে উল্লেখ করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে রাজশাহী বিভাগীয় কমিশনারের ভারপ্রাপ্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব রেজাউল আলম সরকারের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।