র্যাপার বাদশার গান নিয়ে বিতর্ক, তলব করল হরিয়ানা নারী কমিশন
ভারতের জনপ্রিয় র্যাপার বাদশার নতুন মিউজিক ভিডিওকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রকাশিত ‘টাটিরি’ শিরোনামের গানটিতে স্কুল ড্রেস পরা মেয়েদের আপত্তিকর ভঙ্গিতে নাচের দৃশ্য দেখানো হয়েছে—এমন অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে তলব করেছে হরিয়ানা রাজ্য নারী কমিশন।
গত ১ মার্চ গানটি ইউটিউবে প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। সমালোচকদের দাবি, ভিডিওটিতে স্কুলছাত্রীদের পোশাক ব্যবহার করে কুরুচিপূর্ণ নাচের দৃশ্য দেখানো হয়েছে এবং নারীদের অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে, যা তরুণ প্রজন্মের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিতর্কের মুখে পরে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
হরিয়ানা নারী কমিশনের চেয়ারম্যান রেনু ভাটিয়া এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের কনটেন্ট সমাজে ভুল বার্তা দেয় এবং নারীদের প্রতি অসম্মানজনক মনোভাবকে উৎসাহিত করে।
এদিকে পঞ্চকুলার সাইবার ক্রাইম শাখায় বাদশার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভয় চৌধুরী নামের এক ব্যক্তি। তার অভিযোগ, স্কুল ইউনিফর্ম ব্যবহার করে এমন দৃশ্যায়ন শিক্ষার্থীদের সম্পর্কে নেতিবাচক বার্তা ছড়াতে পারে।
অভিযোগের ভিত্তিতে কমিশন বিষয়টি তদন্তে পুলিশের সহযোগিতা চেয়েছে। আগামী ১৬ মার্চ এ বিষয়ে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও বিভিন্ন গান ও ভিডিও নিয়ে বিতর্কে জড়িয়েছেন বাদশা। ২০২০ সালে বাংলার লোকশিল্পী রতন কাহারের জনপ্রিয় গান ‘বড়লোকের বেটি লো’ নতুনভাবে উপস্থাপন করাকে ঘিরেও সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।


