‘ধর্ষণ থামাতে পারে না, সিনেমা ঠিকই থামাতে পারে’: চমক
ব্রাহ্মণবাড়িয়ায় চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ করে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলোচনার জন্ম দিয়েছেন।
রোববার (১ জুন) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে চমক লেখেন, ‘প্রশাসন ধর্ষণ থামাতে পারে না, কিন্তু সিনেমার প্রদর্শনী ঠিকই থামাতে পারে। যে দেশে সুর নাই, সে দেশে তো অসুরই তৈরি হবে।’
তার এই মন্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। অনেকেই মতপ্রকাশের স্বাধীনতা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান নিয়ে অভিনেত্রীর বক্তব্যের প্রতি সমর্থন জানান।
সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় নির্মাতা তানিম নূরের চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’-এর দুটি প্রদর্শনী আয়োজন করা হলেও শেষ মুহূর্তে তা স্থগিত হয়ে যায়। আয়োজকদের দাবি, পূর্বানুমতি থাকা সত্ত্বেও বিভিন্ন আপত্তি ও প্রশাসনিক হস্তক্ষেপের কারণে প্রদর্শনী বন্ধ করা হয়েছে।
ঘটনাটি নিয়ে এরই মধ্যে জেলার ১০টি সাংস্কৃতিক সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। যৌথ বিবৃতিতে তারা একে সাংস্কৃতিক চর্চার পরিপন্থী আখ্যা দিয়ে শিল্প-সংস্কৃতির অবাধ চর্চা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।
সংগঠনগুলোর মতে, বাংলাদেশ ফিল্ম সার্টিফিকেশন আইন অনুযায়ী অনুমোদনপ্রাপ্ত একটি চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়া সাংস্কৃতিক অঙ্গনের জন্য হতাশাজনক। তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
এদিকে চমকের মন্তব্য নতুন করে বিষয়টিকে আলোচনায় নিয়ে এসেছে। সাংস্কৃতিক অঙ্গনের অনেকেই মনে করছেন, শিল্প ও সংস্কৃতির বিকাশে সহনশীল ও মুক্ত পরিবেশ নিশ্চিত করা জরুরি।


