বক্স অফিসে বড় ধাক্কা,প্রত্যাশার তুলনায় পিছিয়ে ‘আলফা’
বলিউডের বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ‘আলফা’ মুক্তির পর বক্স অফিসে আশানুরূপ সাড়া পায়নি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক সিনেমা হিসেবে আলোচনায় থাকলেও মুক্তির প্রথম দুই দিনের আয় প্রত্যাশার তুলনায় অনেক কম।
শুক্রবার (৩ জুলাই) ভারতজুড়ে প্রায় ৭ হাজার ৫৩৪টি শোতে মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, দুই দিনে ভারতের বাজার থেকে ‘আলফা’র আয় হয়েছে ১১ কোটি ৫৫ লাখ রুপি। একই সময়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৬ কোটি ১০ লাখ রুপি।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, বড় বাজেট, শক্তিশালী প্রচারণা এবং তারকাবহুল অভিনয়শিল্পী থাকা সত্ত্বেও এমন উদ্বোধনী আয় সিনেমাটির জন্য হতাশাজনক।
দর্শক প্রতিক্রিয়ায় দেখা গেছে, আলিয়া ভাট ও শর্বরীর অ্যাকশন দৃশ্য এবং অভিনয় প্রশংসিত হলেও সিনেমার ধীরগতির চিত্রনাট্য ও দুর্বল স্ক্রিনপ্লে অনেক দর্শককে হতাশ করেছে। ফলে ইতিবাচক মুখে-মুখে প্রচারণাও প্রত্যাশামতো তৈরি হয়নি।
শিব রাওয়াইল পরিচালিত ‘আলফা’ প্রযোজনা করেছেন আদিত্য চোপড়া। যশরাজ ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় আলিয়া ভাট ও শর্বরীর পাশাপাশি অভিনয় করেছেন অনিল কাপুর, ববি দেওল। এছাড়া বিশেষ উপস্থিতিতে দেখা গেছে হৃতিক রোশনকে।
এখন সপ্তাহান্তের বাকি দিনগুলোতে দর্শক উপস্থিতি কতটা বাড়ে, তার ওপরই অনেকটা নির্ভর করবে ‘আলফা’র বক্স অফিস যাত্রার পরবর্তী চিত্র।


