‘দ্য ওডিসি’ প্রিমিয়ারে নোলান বন্দনায় মুখর তারকারা
বিশ্বখ্যাত নির্মাতা ক্রিস্টোফার নোলান-এর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র The Odyssey-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়েছে লন্ডনে। সোমবার (৬ জুলাই) আয়োজিত এই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ছবির অভিনয়শিল্পী ও অতিথিরা। প্রিমিয়ারে প্রায় সবাই নোলানের নির্মাণশৈলী, নেতৃত্ব ও কাজের পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।
গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত সিনেমাটিতে ম্যাট ডেমন অভিনয় করেছেন ওডিসিউস চরিত্রে। তিনি বলেন, ছবিটির প্রতিটি লোকেশন ও দৃশ্য ছিল আলাদা চ্যালেঞ্জে ভরা। তার ভাষায়, এটি তার অভিনয়জীবনের সবচেয়ে বড় ও কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। এমনকি শুটিং চলাকালে তিনি প্রযোজক এমা থমাস-কে মজা করে বলেছিলেন, তিনি অন্তত প্রযোজক নন—এ জন্যই কৃতজ্ঞ।

এর আগে Tenet-এ নোলানের সঙ্গে কাজ করা রবার্ট প্যাটিনসন বলেন, বিশাল আয়োজনের মধ্যেও নোলানকে কখনও চাপগ্রস্ত মনে হয়নি। তার মতে, পুরো প্রযোজনা ছিল অত্যন্ত সুশৃঙ্খল এবং এটি দর্শকদের প্রত্যাশা পূরণ করবে।
সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক– এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব
এই ছবির মাধ্যমে প্রথমবার নোলানের সঙ্গে কাজ করেছেন জেনডায়া ও টম হল্যান্ড। দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করা জেনডায়া জানান, টেলেম্যাকাস চরিত্রে টম হল্যান্ডের অভিনয় তাকে মুগ্ধ করেছে। অন্যদিকে টম বলেন, ছবিটি তার জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা এবং সম্ভবত এটিই শেষবার তিনি কিশোর চরিত্রে অভিনয় করেছেন।
ক্যালিপসো চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরন বলেন, এমন বিশাল ক্যানভাসের গল্প নির্মাণের সাহস খুব কম পরিচালকের রয়েছে, আর নোলান তাদের অন্যতম।
ইউমেয়াস চরিত্রে অভিনয় করা জন লেগুইজামো নোলানকে “আধুনিক যুগের হোমার” আখ্যা দিয়ে বলেন, এই নির্মাতার সঙ্গে কাজ করা তার অভিনয়জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা। তার ভাষায়, নোলান এমন একটি পরিবেশ তৈরি করেন, যেখানে শিল্পীরা নিজেদের সেরাটা তুলে ধরতে পারেন।
আগামেমননের চরিত্রে অভিনয় করা বেনি স্যাফডি বলেন, নোলান শিল্পীদের প্রতি এমন আস্থা রাখেন যে, তা অভিনয়শিল্পীদের আত্মবিশ্বাসও বাড়িয়ে দেয়।
ছবিতে গীতিকারের ভূমিকায় থাকা ট্রাভিস স্কট বলেন, নোলানের কাছ থেকে কাজের প্রস্তাব পাওয়া তার কাছে প্রিয় কোনো সুপারহিরোর ফোন পাওয়ার মতো অনুভূতি ছিল।
প্রিমিয়ারে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা না বললেও সিনেমা হলের ভেতরে সংক্ষিপ্ত বক্তব্য দেন নোলান। সেখানে তিনি দর্শকদের উদ্দেশে রসিকতা করে বলেন, যারা ভোরে ফুটবল ম্যাচ দেখে এসেছেন, তারা যেন সিনেমার শান্ত দৃশ্যগুলোতে ঘুমিয়ে না পড়েন।
আগামী ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘দ্য ওডিসি’। ইতিহাসে এটিই প্রথম চলচ্চিত্র, যা সম্পূর্ণভাবে আইম্যাক্স ৭০ মিলিমিটার ক্যামেরায় ধারণ করা হয়েছে। মুক্তির আগেই ছবিটি অগ্রিম টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।

