আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান

বিনোদন
আইনি জটিলতা থেকে স্বস্তি পেলেন শাহরুখ খান
১৪ জুলাই ২০২৬

বলিউড তারকা শাহরুখ খানের ঐতিহ্যবাহী বাসভবন ‘মান্নাত’কে ঘিরে দীর্ঘদিনের আইনি জটিলতার অবসান হয়েছে। ভারতের সুপ্রিম কোর্ট বাড়িটিতে আরও দুটি তলা নির্মাণের অনুমতি বহাল রাখায় নির্মাণকাজ চালিয়ে যেতে আর কোনো আইনি বাধা থাকছে না।

গত বছর থেকে ‘মান্নাত’-এর সংস্কারকাজ শুরু হয়। এর অংশ হিসেবে ভবনটিতে অতিরিক্ত দুটি তলা নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। তবে নির্মাণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে এক সমাজকর্মী আদালতে রিট আবেদন করেন। তার দাবি ছিল, যথাযথ নিয়ম অনুসরণ না করেই এই নির্মাণকাজ পরিচালিত হচ্ছে।

মঙ্গলবার মামলার শুনানি শেষে ভারতের সর্বোচ্চ আদালত আবেদনটি খারিজ করে দেন। আদালত পর্যবেক্ষণে বলেন, ‘মান্নাত’-এর সম্প্রসারণের কাজ আইন মেনেই করা হচ্ছে। ফলে পরিকল্পনা অনুযায়ী নির্মাণকাজ চালিয়ে যেতে কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

শুনানির সময় আবেদনকারীর আইনজীবী শোয়েব আলম আদালতকে জানান, মামলাটি একজন খ্যাতিমান অভিনেতাকে ঘিরে হলেও সেটিকে বিশেষ বিবেচনায় দেখা উচিত নয়। তিনি দাবি করেন, তার মক্কেল একজন সমাজকর্মী এবং অতীতেও বিভিন্ন আবাসন–সংক্রান্ত অনিয়ম সামনে এনেছেন। তবে বিচারপতি সঞ্জয়কুমার বাগচী স্পষ্ট করেন, আদালত কোনোভাবেই এসব বিষয়ে প্রভাবিত হয়নি।

এদিকে আইনি জটিলতা কাটার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও বড় একটি অর্জন এসেছে শাহরুখ খানের। দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত তার স্মৃতিবিজড়িত বাড়িটির সম্পূর্ণ মালিকানা এখন তার হাতে। বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে এই বাড়িতেই প্রথম সংসার শুরু করেছিলেন তিনি।

এর আগে বাড়িটির বেসমেন্ট ও প্রথম তলার মালিক ছিলেন শাহরুখ। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নেওয়ায় পুরো বাড়িটির একক মালিকানা এখন শাহরুখ ও গৌরী খানের পরিবারের হাতে এসেছে।