বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও চালের দাম

রাজধানী
বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে অস্থিরতা, ঊর্ধ্বমুখী সবজি ও চালের দাম
১৭ জুলাই ২০২৬

টানা বৃষ্টিপাতের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় রাজধানীর কাঁচাবাজারে সবজির সরবরাহ কমে গেছে। এর প্রভাবে এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে। একই সঙ্গে চাল ও ব্রয়লার মুরগির দামও বেড়েছে। তবে ডিম ও পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি মিলেছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর কারওয়ান বাজার, আগারগাঁও ও নিউমার্কেট এলাকার বাজার ঘুরে দেখা যায়, কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি বেড়েছে। এক সপ্তাহ আগে ৮০ থেকে ১৪০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন প্রতি কেজি ১৬০ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে বেগুন বিক্রি হচ্ছে ৯০ থেকে ১২০ টাকা, করলা ৮০ থেকে ১০০ টাকা, পটল ও ঢ্যাঁড়শ ৭০ থেকে ৮০ টাকা, ঝিঙা ৮০ থেকে ৯০ টাকা, চিচিঙ্গা ৭০ থেকে ৮০ টাকা, শশা ১২০ থেকে ১৩০ টাকা এবং মুলা ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে। কয়েক দিন আগের তুলনায় এসব সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এছাড়া লাউ, যা এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হয়েছে, বর্তমানে ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তুলনামূলকভাবে পেঁপের দাম কম রয়েছে; প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ব্যবসায়ীরা বলছেন, টানা বৃষ্টির কারণে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে সবজিবাহী ট্রাক সময়মতো পৌঁছাতে পারছে না। একই সঙ্গে অনেক এলাকায় সবজির ক্ষেত পানিতে তলিয়ে যাওয়ায় উৎপাদনও কমেছে। এতে বাজারে সরবরাহ সংকট তৈরি হয়েছে। তবে কয়েক দিন আবহাওয়া অনুকূলে থাকলে বাজার পরিস্থিতির উন্নতি হতে পারে বলে তাদের আশা।

অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, সরবরাহ সংকটের পাশাপাশি কিছু ব্যবসায়ী পরিস্থিতির সুযোগ নিয়ে অতিরিক্ত দাম আদায় করছেন। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মানুষ।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) তাদের বাজারদর প্রতিবেদনে চাল, ব্রয়লার মুরগি, বেগুন ও কাঁচামরিচসহ কয়েকটি পণ্যের দাম বৃদ্ধির তথ্য জানিয়েছে।

চালের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। বর্তমানে নাজির বা মিনিকেট চাল প্রতি কেজি ৭২ থেকে ৮৫ টাকা এবং মোটা চাল (স্বর্ণা বা চায়না ইরি) ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি মানের পাইজাম বা লতা চালের দাম অবশ্য অপরিবর্তিত রয়েছে।

এদিকে ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ১৮০ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি মুরগির দাম রয়েছে ৩২০ থেকে ৩৫০ টাকা। তবে কিছুটা স্বস্তি এনে ফার্মের বাদামি ডিমের প্রতি হালির দাম ৫ টাকা কমে বর্তমানে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। পাশাপাশি পেঁয়াজের দামও কেজিতে ৫ টাকা কমে ৩৫ থেকে ৪৫ টাকায় নেমেছে।