৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
রাজধানীর বাজারে টানা বৃষ্টির প্রভাবে অস্বাভাবিকভাবে বেড়েছে কাঁচামরিচের দাম। সরবরাহ কমে যাওয়ায় মাত্র এক সপ্তাহের ব্যবধানে মরিচের দাম প্রায় তিন গুণ বেড়েছে। একই সঙ্গে ঊর্ধ্বমুখী হয়েছে অধিকাংশ সবজির দাম, ফলে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে বাড়তি চাপের মুখে পড়েছেন ভোক্তারা।
শনিবার (২৫ জুলাই) রাজধানীর পূর্ব রামপুরার বউ বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা যায়।
বাজারে নতুন (কচি) কাঁচামরিচ প্রতি কেজি ৩০০ টাকা এবং পুরোনো (বুড়ো) কাঁচামরিচ ৩২০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। ব্যবসায়ীরা জানান, মাত্র তিন দিন আগেও নতুন মরিচের দাম ছিল ২৪০ টাকা কেজি। আর এক সপ্তাহ আগে একই মরিচ বিক্রি হয়েছে ১২০ টাকায়। টানা বৃষ্টির কারণে খেত থেকে মরিচ সংগ্রহ ব্যাহত হওয়ায় বাজারে সরবরাহ কমে গেছে।
কাঁচামরিচের পাশাপাশি প্রায় সব ধরনের সবজির দামও বেড়েছে। বাজারে বেগুন ও ধুন্দল প্রতি কেজি ১০০ টাকা, করলা ১২০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা, পটল ৬০ টাকা, শসা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা, শিম ৩২০ টাকা, কাঁকরোল ১২০ টাকা, ঝিঙা ১০০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা এবং পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়া ৬০ টাকা, চালকুমড়া ৭০ টাকা, লাউ ৮০ টাকা এবং কাঁচাকলা প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
সবজি বিক্রেতারা বলছেন, টানা বৃষ্টিতে মরিচের খেতে পানি জমে যাওয়ায় অনেক ফসল নষ্ট হয়েছে। একই সঙ্গে বৃষ্টির কারণে সবজি সংগ্রহ ও পরিবহনে বিঘ্ন ঘটায় বাজারে সরবরাহ কমে গেছে। ফলে মরিচের পাশাপাশি অন্যান্য সবজির দামও বেড়েছে।
এক বিক্রেতা জানান, কয়েকদিন আগেও ৮০ থেকে ১২০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হলেও অল্প সময়ের ব্যবধানে তা ৩২০ টাকায় পৌঁছেছে। আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কমে আসতে পারে বলে আশা করছেন তিনি।
এদিকে বাজারে এসে দামের ঊর্ধ্বগতিতে অসন্তোষ প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের অভিযোগ, কয়েক দিনের ব্যবধানে কাঁচামরিচের দামে এত বড় বৃদ্ধি সাধারণ মানুষের জন্য বাড়তি ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।


