যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
মার্ভেল ভক্তদের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ যুক্তরাষ্ট্রে মুক্তির এক দিন আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসছে। আগামী ৩০ জুলাই দেশের বিভিন্ন শাখায় সিনেমাটি প্রদর্শন শুরু করবে স্টার সিনেপ্লেক্স। আর বিশ্বব্যাপী ও যুক্তরাষ্ট্রে ছবিটি মুক্তি পাবে ৩১ জুলাই।
ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন পরিচালিত এই সিনেমায় আগের মতোই স্পাইডার-ম্যান চরিত্রে অভিনয় করেছেন টম হল্যান্ড। এমজে চরিত্রে ফিরছেন জেন্ডায়া। পাশাপাশি জ্যাকব ব্যাটালন ও মার্ক রাফেলোও তাদের পরিচিত চরিত্রে পর্দায় হাজির হচ্ছেন।
এবারের কিস্তিতে যুক্ত হয়েছে কয়েকটি নতুন চরিত্রও। ‘আসোকা’খ্যাত ইমান এসফান্দি অভিনয় করেছেন এমজের নতুন প্রেমিকের ভূমিকায়। ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে দেখা যাবে রহস্যময় এক চরিত্রে। এছাড়া নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘ডেয়ারডেভিল’-এর পরিচিত মুখ জন বার্নথাল আবারও ‘দ্য পানিশার’ চরিত্রে বড় পর্দায় ফিরছেন, যা ইতোমধ্যেই ভক্তদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
গল্পের দিক থেকে ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পর শুরু হয়েছে নতুন অধ্যায়। পিটার পার্কারের জীবন নতুন বাস্তবতায় কীভাবে এগিয়ে যায়, সেটিই তুলে ধরা হবে এই সিনেমায়।
প্রযুক্তিগত দিক থেকেও ছবিটি বিশেষ গুরুত্ব বহন করছে। নির্মাতাদের দাবি, এটি বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত সিনেমা। এই প্রযুক্তিতে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, ফলে দর্শকরা প্রায় ২৭০ ডিগ্রি প্যানারোমিক ভিউ-এর মাধ্যমে আরও নিমগ্ন সিনেমা দেখার অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
মুক্তির আগেই নতুন গল্প, তারকাবহুল অভিনয়শিল্পী এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ দর্শকদের প্রত্যাশার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।


