বিতর্কিত মন্তব্যে বিক্ষোভের মুখে কঙ্গনা
বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাউতের সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। যন্তর-মন্তরের আন্দোলন এবং সেখানে অংশ নেওয়া নারীদের নিয়ে তার বক্তব্যের প্রতিবাদে উত্তরপ্রদেশে বিক্ষোভ করেছেন কংগ্রেসের নারী নেত্রী ও কর্মীরা। বিক্ষোভকারীরা কঙ্গনার প্রকাশ্য ও নিঃশর্ত ক্ষমা দাবি করেছেন।
বৃহস্পতিবার ভারতের লখনউয়ের মল অ্যাভিনিউ মোড়ে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির মহিলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বিক্ষোভকারীরা কঙ্গনা রানাউতের কুশপুতুলে আগুন দেন এবং তার মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, কঙ্গনার বক্তব্য শুধু আন্দোলনকারী নারীদের নয়, দেশের সব নারীর সম্মান ও মর্যাদাকে আঘাত করেছে। দীর্ঘদিন ধরে নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে আসা নারীদের নিয়ে এমন মন্তব্যকে তারা অসম্মানজনক ও অগ্রহণযোগ্য বলে দাবি করেন।
বিক্ষোভের একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কুশপুতুলে আগুন দেওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। পরে অর্ধেক পুড়ে যাওয়া কুশপুতুল সরিয়ে নেওয়ার সময় এক নারী বিক্ষোভকারীকে পুলিশ কর্মকর্তার পিছু নিতে দেখা যায়। ঘটনাটি নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে।
বিক্ষোভ সমাবেশে কংগ্রেসের নারী নেত্রীরা অভিযোগ করেন, বিজেপি নারী সংরক্ষণ ও নারীর ক্ষমতায়নের কথা বললেও নারীদের সম্মান ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে দলটির ভূমিকা প্রশ্নবিদ্ধ। কঙ্গনার বক্তব্যের পরও বিজেপির শীর্ষ নেতৃত্বের নীরবতার সমালোচনা করেন তারা।
প্রতিবাদকারীরা জানান, কঙ্গনা রানাউত দেশের নারীদের কাছে প্রকাশ্যে ও নিঃশর্ত ক্ষমা না চাওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচিতে উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির একাধিক নারী পদাধিকারীসহ শতাধিক নেতাকর্মী অংশ নেন।


