র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন

রাজধানী
র‍্যাবের ‘আয়নাঘর’ পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক-প্রসিকিউশন
১ আগস্ট ২০২৬

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেল বা কথিত ‘আয়নাঘর’ পরিদর্শন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর তিন বিচারকসহ প্রসিকিউশন টিম ও আসামিপক্ষের আইনজীবীরা।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে রাজধানীর উত্তরায় র‍্যাব-১ সদর দপ্তরে অবস্থিত ওই গোপন বন্দিশালা পরিদর্শন করেন তারা।

পরিদর্শন দলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার, সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ছাড়া চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, শাইখ মাহদী, সহিদুল ইসলাম সরদার ও তাসমিরুল ইসলামসহ প্রসিকিউশন টিমের সদস্যরা পরিদর্শনে অংশ নেন। আসামিপক্ষের আইনজীবীরাও এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে গত ২১ জুলাই প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে র‍্যাব, ডিজিএফআই ও ডিবির গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ পরিদর্শনের সিদ্ধান্ত নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই দিন ট্রাইব্যুনালে আবেদন করে চিফ প্রসিকিউশন টিম জানায়, আওয়ামী লীগের টানা শাসনামলে বিরোধী মতাদর্শের বিভিন্ন ব্যক্তিকে এসব গোপন বন্দিশালায় নিয়ে যাওয়া, নির্যাতন এবং গুমের অভিযোগ রয়েছে।

আবেদনের শুনানিতে চিফ প্রসিকিউটর এসব বন্দিশালায় আটক ব্যক্তিদের সঙ্গে সংঘটিত নির্যাতন ও গুমের অভিযোগের বিভিন্ন বর্ণনা তুলে ধরেন।

পরিদর্শনটি সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার তদন্ত এবং বিচারিক কার্যক্রমের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।