শুটিং করতে গিয়ে গুরুতর চোট, ছয় সপ্তাহ বিশ্রামে রাশমিকা
রাশমিকা মানদানা
শুটিং সেটে গুরুতর আহত হয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। চোটের কারণে চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন বলে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি ছবির শুটিংয়ের সময় নাচ ও অ্যাকশন দৃশ্যের জন্য কঠিন শারীরিক কসরত করতে গিয়ে তিনি আহত হন।
প্রতিবেদন অনুযায়ী, রাশমিকার নিতম্ব ও কোমরের মধ্যবর্তী অংশের একটি পেশিতন্তু গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের আঘাত সাধারণত পেশাদার ক্রীড়াবিদদের মধ্যে বেশি দেখা যায়। কারণ, তাদের নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন ও উচ্চমাত্রার শারীরিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বর্তমানে তার শারীরিক অবস্থা কেমন—এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি রাশমিকা। ফলে তার চলমান সিনেমাগুলোর শুটিং সূচিতে কোনো পরিবর্তন আসবে কি না, সেটিও এখনো জানা যায়নি।
রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যন পরিচালিত ‘রাণাবলী’ সিনেমায় তার সঙ্গে রয়েছেন বিজয় দেবারাকোন্ডা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন এই জুটি।
শুটিংয়ে রাশমিকার আহত হওয়ার খবরে তার ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। অভিনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করছেন অনুরাগীরা।


