জেন-জি দর্শকের পছন্দ কী? নিজের অভিজ্ঞতায় জানালেন জান্নাত জুবাইর
ভারতের জনপ্রিয় অভিনেত্রী ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা জান্নাত জুবাইর রহমানি মনে করেন, বর্তমান জেন-জি প্রজন্ম দ্রুত, সংক্ষিপ্ত এবং বাস্তবধর্মী বিনোদনের প্রতি বেশি আগ্রহী। তাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বদলে যাচ্ছে বিনোদন জগতের ধরণও।
মাত্র ২১ বছর বয়সেই অভিনয় ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন জান্নাত। ইনস্টাগ্রামে তার অনুসারীর সংখ্যা ৪ কোটি ৬০ লাখেরও বেশি। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্মেও তিনি সমানভাবে পরিচিত মুখ।
সম্প্রতি ‘বলিউড হাঙ্গামা’কে দেওয়া এক সাক্ষাৎকারে বিনোদন শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন এই অভিনেত্রী। সেখানে তিনি বলেন, জেন-জি দর্শক এখন এমন কনটেন্ট খোঁজেন, যা অল্প সময়ের মধ্যে আকর্ষণ তৈরি করতে পারে এবং সহজেই তাদের সঙ্গে সংযোগ স্থাপন করে।
জান্নাতের মতে, মাইক্রো ড্রামার জনপ্রিয়তা বৃদ্ধি, সিনেমা হলের পরিবর্তে ওটিটি প্ল্যাটফর্মের দিকে দর্শকদের ঝোঁক এবং সামাজিক যোগাযোগমাধ্যমের বিস্তার—সব মিলিয়ে তরুণদের বিনোদন গ্রহণের ধরনে বড় পরিবর্তন এসেছে। নির্মাতাদেরও সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে নতুন ধরনের কনটেন্ট তৈরি করতে হবে।
সাক্ষাৎকারে ভক্তদের কাছ থেকে পাওয়া ভালোবাসা, অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা এবং ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্ত নিয়েও কথা বলেন তিনি।
বর্তমানে জান্নাত ‘কুকুটাক টিভি’ অ্যাপের মাইক্রো ড্রামাভিত্তিক রিয়েলিটি শো ‘সাবসে বড়া ড্রামেবাজ’-এ বিচারকের দায়িত্ব পালন করছেন। সেখানে তিনি নতুন প্রতিভাদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি স্বল্পদৈর্ঘ্যের গল্পনির্ভর কনটেন্টের জনপ্রিয়তার বিষয়টিও তুলে ধরছেন।
উল্লেখ্য, খুব অল্প বয়সেই অভিনয়ে পথচলা শুরু করেন জান্নাত জুবাইর রহমানি। মাত্র ৯ বছর বয়সে ছোট পর্দায় অভিষেকের পর একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করে তিনি দর্শকদের নজর কাড়েন। বর্তমানে টেলিভিশনের পাশাপাশি ডিজিটাল মাধ্যমেও তিনি অন্যতম জনপ্রিয় তরুণ তারকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


