রাজধানীতে বিভিন্ন মামলায় গত ২৪ ঘণ্টায় পাঁচ শতাধিক গ্রেপ্তার
রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন ঘটনায় ৪৭টি মামলা করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিএমপির তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগে—১২০ জন। এরপর তেজগাঁও বিভাগে ৯২ জন এবং মতিঝিল বিভাগে ৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া ওয়ারী বিভাগে ৬৪ জন, উত্তরা বিভাগে ৪৬ জন, গুলশান বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, রমনা বিভাগে ৩০ জন এবং গোয়েন্দা বিভাগে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে গ্রেপ্তারদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১০ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, পাঁচটি চাকু ও বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ উদ্ধার করা হয়।
এ ছাড়া ৫৩টি লোহার পেরেক (তারকাটা), ৯৪ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ১১ হাজার ১৬৭টি ইয়াবা, ১২১ দশমিক ৩ গ্রাম হেরোইন, তিন বোতল বিদেশি মদ, ২০ ক্যান বিয়ার, একটি প্রাইভেটকার, পাঁচটি মোবাইল ফোন ও নগদ ৭ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামতসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


