আশুলিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুনের মুখে আশপাশের বাড়িঘর
পাশের আরও দুটি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িতে আগুন ছড়িয়ে পড়েছে । ছবি: সংগৃহীত
ঢাকার অদূরে সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়েছে পাশের আরও দুটি ঝুটের গুদাম ও একটি বসতবাড়িতে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শুক্রবার (৯ অক্টোবর) রাতে আশুলিয়ার জামগড়া তেঁতুলতলা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে আলাউদ্দিন ও বাবুল মিয়ার মালিকানাধীন একটি ঝুটের গুদামে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে থাকলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই আগুন পাশের আরও দুটি ঝুটের গুদামে ছড়িয়ে পড়ে। পরে গুদাম-সংলগ্ন একটি বসতবাড়িতেও আগুন লাগে। এতে তিনটি ঝুটের গুদাম ও একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন জ্বলছিল।
গুদামগুলোতে বিপুল পরিমাণ কাটা কাপড় ও তুলাজাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।
জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মামুন হোসেন জানান, রাত ৯টা ৪০ মিনিটের দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি তুলার গুদামে আগুন লাগার খবর আসে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
আশুলিয়া জামগড়া পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) আবু তালেব জানান, কাঁঠালতলা মোড়-সংলগ্ন একটি ঝুটের গুদামে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে। স্থানীয় লোকজনও নিজেদের উদ্যোগে পানি ও বালু দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এ সময় ঘটনাস্থলে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। আগুন আশপাশের বসতবাড়িতেও ছড়িয়ে পড়েছে বলে জানান তিনি।


