পুলিশের অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির মাদকবিরোধী অভিযান
রাজধানীর ভাটারায় পুলিশের এক অতিরিক্ত উপমহাপরিদর্শকের (অতিরিক্ত ডিআইজি) বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। সোমবার (১৯ অক্টোবর) রাতে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে। অভিযানে ৮৪ জনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে ২৬ জন নারী।
ডিবি সূত্রের বরাতে জানা গেছে, বাড়িটিতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং সেখানে মাদকের আসর বসত বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়।
ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল বলে তথ্য পাওয়ার পর অভিযান পরিচালনা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বাড়িটির মালিক অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দপ্তরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত।
বাড়িটিতে মাদকের কারবার ও অবৈধ পার্টি আয়োজনের অভিযোগে ডিবির অভিযান সম্পর্কে জানতে আবদুল্লাহ আল জহিরের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
আটক ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ এবং অভিযানের বিস্তারিত তথ্য জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্যের অপেক্ষা রয়েছে।


