কারিগরি ত্রুটিতে এমআই-৮ বিধ্বস্ত, রাশিয়ার প্রতিরক্ষা মহলে শোক

কারিগরি ত্রুটিতে এমআই-৮ বিধ্বস্ত, রাশিয়ার প্রতিরক্ষা মহলে শোক
নিউজ ডেস্ক
২৪ মে ২০২৫

রাশিয়ার ওরিওল অঞ্চলে একটি এমআই-৮ মডেলের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে হেলিকপ্টারটিতে থাকা সব ক্রু সদস্য নিহত হয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাকবলিত হেলিকপ্টারটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে অংশ নিচ্ছিল। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি জনশূন্য এক এলাকায় বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে থাকা সব আরোহী নিহত হন, তবে ভূমিতে কেউ হতাহত হননি।

ঘটনাস্থল মস্কো থেকে প্রায় ৩৬৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরিওল অঞ্চলে। দুর্ঘটনার পরপরই সেখানে জরুরি সেবা সংস্থাগুলো মোতায়েন করা হয় এবং তদন্ত কার্যক্রম শুরু হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওরিওল গভর্নর আন্দ্রে ক্লিচকভ এক বিবৃতিতে জানিয়েছেন, এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। একই সঙ্গে তিনি সকলকে অনুরোধ জানিয়েছেন, যেন দুর্ঘটনাস্থলের ছবি বা ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ না করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারিগরি ত্রুটির কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত দল কাজ শুরু করেছে।

রুশ প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে নিহত সেনা সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।