ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

রাজধানী
ঢাকা মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
নিউজ ডেস্ক
২১ জুন ২০২৫

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও একাডেমিক অচলাবস্থার প্রেক্ষিতে একাডেমিক কাউন্সিল এক জরুরি বৈঠকে বসে। শনিবার (২১ জুন) অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষার্থীদের দাবিকে যৌক্তিক বলে স্বীকৃতি দেওয়া হলেও কলেজ প্রশাসন শিক্ষার্থীদের রোববার দুপুর ১২টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে।

ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম জানান, কলেজ ভবন ও আবাসন ব্যবস্থার অবকাঠামোগত দুরবস্থার বিরুদ্ধে শিক্ষার্থীদের দাবিকে একাডেমিক কাউন্সিল সমর্থন জানালেও, কয়েকটি ব্যাচের অসহযোগিতার কারণে সংকট আরও গভীর হয়েছে। তিনি বলেন, “বিকল্প আবাসন তৈরি করা হলেও তা ব্যবহার করতে শিক্ষার্থীরা অনাগ্রহ দেখিয়েছেন।”

তিনি আরও জানান, নবাগত ব্যাচ কে-৮২ তাদের ওরিয়েন্টেশন কার্যক্রম বয়কট করে, যা কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে দ্রুত সমাধান নিশ্চিতে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। তবে এমবিবিএস পেশাগত পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থী ও বিদেশি শিক্ষার্থীরা এ নির্দেশের আওতামুক্ত থাকবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জানা গেছে, গত ২৮ মে থেকে শিক্ষার্থীরা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে:

১. ছাত্রাবাস ও ছাত্রীনিবাসের জন্য দ্রুত বাজেট পাশ।
২. নতুন আবাসন ব্যবস্থা প্রস্তুত না হওয়া পর্যন্ত বিকল্প ব্যবস্থা।
৩. নতুন ও বিকল্প আবাসনের বাজেট পৃথকভাবে পাশ এবং দ্রুত বাস্তবায়ন।
৪. ঝুঁকিপূর্ণ একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও স্থানান্তর।
৫. অগ্রগতি পর্যবেক্ষণে শিক্ষার্থী প্রতিনিধি নিযুক্ত করা।

শিক্ষার্থী তৌহিদুল আবেদিন তানভীর বলেন, “সাত-আট বছর ধরে সমস্যার সমাধান হয়নি। প্রশাসনের সঙ্গে বহুবার কথা বলেও কোনো আশ্বাস মেলেনি। তাই বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।”

শিক্ষার্থীদের অভিযোগ, স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে কোনো আশ্বাস বা কার্যকর পদক্ষেপ এখনো পাওয়া যায়নি। যদিও অধিদফতরের মহাপরিচালক কয়েক দিন আগে পরিদর্শন করেন, তবে কোনো সুস্পষ্ট সিদ্ধান্ত ঘোষণা করা হয়নি।

তবে এই অচলাবস্থার মধ্যেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সব ধরনের চিকিৎসাসেবা চালু থাকবে, এমনটাই জানিয়েছে কর্তৃপক্ষ।