যুদ্ধ বন্ধে সৌদি-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

যুদ্ধ বন্ধে সৌদি-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬

আঞ্চলিক উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সৌদি আরব ও ইরান। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে সাম্প্রতিক ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের চলমান যোগাযোগ এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

আনাদোলু এজেন্সি সোমবার এক প্রতিবেদনে জানায়, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান-এর মধ্যে ফোনালাপ হয়েছে। গত ২৪ ঘণ্টায় এটি ছিল তাদের দ্বিতীয়বারের মতো আলোচনা।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ অবস্থা উঠে আসে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা বৃদ্ধি পায়। এর জবাবে ইরান পাল্টা পদক্ষেপ নেয় এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চাপ সৃষ্টি করে।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো স্থায়ী সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি। এ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে নতুন করে কূটনৈতিক যোগাযোগ বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে, ইরান সম্প্রতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের জবাব পাকিস্তানের মাধ্যমে পাঠিয়েছে বলে জানা গেছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাবকে “অগ্রহণযোগ্য” বলে মন্তব্য করেছেন।