ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলার

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৯ বিলিয়ন ডলার
নিউজ ডেস্ক
১৩ মে ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনায় যুক্তরাষ্ট্রের ব্যয় প্রায় ২৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। বুধবার (১৩ মে) সিএনএন-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, এই ব্যয়ের মধ্যে সামরিক সরঞ্জামের মেরামত ও প্রতিস্থাপন, পাশাপাশি বিভিন্ন সামরিক অভিযান পরিচালনার খরচ অন্তর্ভুক্ত রয়েছে। পেন্টাগনের সংশ্লিষ্ট হিসাব অনুযায়ী, পূর্বে প্রকাশিত প্রায় ২৫ বিলিয়ন ডলারের ব্যয় হিসাবটি সম্পূর্ণ ছিল না; এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর ক্ষয়ক্ষতি মেরামতের খরচ অন্তর্ভুক্ত হয়নি।

এ বিষয়ে হার্ভার্ড কেনেডি স্কুলের জননীতি বিশেষজ্ঞ লিন্ডা বিলমেস সতর্ক করে বলেছেন, এই সংঘাতের ব্যয় দীর্ঘমেয়াদে প্রায় ১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে, যার আর্থিক চাপ বহন করতে হবে যুক্তরাষ্ট্রের করদাতাদের।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি যুদ্ধ ব্যয়কে দুই ভাগে ভাগ করেছেন—স্বল্পমেয়াদি এবং মধ্য-দীর্ঘমেয়াদি ব্যয়। স্বল্পমেয়াদি ব্যয়ের মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বোমা ও প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার, যুদ্ধভাতা, সেনা রক্ষণাবেক্ষণ এবং ধ্বংস হওয়া যুদ্ধবিমান ও ড্রোনের প্রতিস্থাপন। অন্যদিকে মধ্য ও দীর্ঘমেয়াদি ব্যয়ের মধ্যে আগামী কয়েক বছরে সামরিক স্থাপনা পুনর্গঠন, উন্নত অস্ত্র ক্রয় এবং মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা প্রায় ৫৫ হাজার সেনার চিকিৎসা ও পুনর্বাসন ব্যয় অন্তর্ভুক্ত।

এদিকে জ্বালানি বাজারেও এই সংঘাতের প্রভাব পড়তে শুরু করেছে বলে জানাচ্ছে মার্কিন জ্বালানি বিভাগ। তাদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক সপ্তাহে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে থাকতে পারে। একইসঙ্গে বিশ্লেষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্রে জ্বালানির খুচরা দাম গ্যালনপ্রতি ৫ ডলারে পৌঁছাতে পারে, যা বৈশ্বিক অর্থনীতিতে নতুন চাপ তৈরি করবে।