মির্জা ফখরুলের নেতৃত্বে চীন যাচ্ছে বিএনপির প্রতিনিধিদল
ছবি : মির্জা ফখরুল
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে চলতি মাসের শেষ দিকে চীন সফরে যাচ্ছে বিএনপির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে অন্তত ১০ সদস্যের একটি প্রতিনিধি দল ২৪ জুন বেইজিংয়ের উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছে।
দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সফরের উদ্দেশ্য হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির সঙ্গে ‘পার্টি টু পার্টি’ সম্পর্ক জোরদার করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা। এই সফরকে কেবল কূটনৈতিক সৌজন্য নয়, বরং একটি কৌশলগত উদ্যোগ হিসেবেও দেখা হচ্ছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান জানান, “এবারের সফরটি সম্পূর্ণ বিএনপির নিজস্ব প্রতিনিধি দল নিয়ে হচ্ছে। এর আগের সফরে মাল্টি-পার্টি ডেলিগেশন ছিল, এবার সরাসরি বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব অংশ নেবে।”
বিশ্লেষকরা বলছেন, দেশের রাজনৈতিক অস্থিরতা, আসন্ন নির্বাচন ও আন্তর্জাতিক চাপের প্রেক্ষাপটে বিএনপির এই চীনমুখী কূটনীতি নতুন মাত্রা যোগ করছে। বিশেষত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে ১৭ জুন বিএনপির বৈঠকের ঘোষণার পর চীন সফর একধরনের কৌশলগত ভারসাম্য রক্ষারও ইঙ্গিত দিচ্ছে।
প্রসঙ্গত, গত কয়েক মাসে চীন ও বিএনপির মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের বৈঠক ও সম্মেলন হয়েছে, যার মাধ্যমে উভয় পক্ষই সম্পর্ক সম্প্রসারণের ইচ্ছা প্রকাশ করেছে।


