যুদ্ধের কারণেই জ্বালানি সংকট, সরকার দায়ী নয়: রিজভী
চলমান জ্বালানি সংকটের জন্য সরকার দায়ী নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি সংকট তৈরি হয়েছে। পাশাপাশি মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটির কারণেও সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে।
রোববার (২৩ আগস্ট) সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রিজভী।
তিনি বলেন, মহেশখালীর এলএনজি টার্মিনালের ত্রুটি ইতোমধ্যে মেরামত করা হয়েছে। এলএনজিবাহী কার্গো দেশে পৌঁছেছে এবং গ্যাস সরবরাহও বাড়তে শুরু করেছে। ফলে বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
রিজভী বলেন, বর্তমান জ্বালানি সংকটের পেছনে বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতির প্রভাব রয়েছে। এর পাশাপাশি মহেশখালীর টার্মিনালে দেখা দেওয়া কারিগরি ত্রুটিও সংকটকে সাময়িকভাবে আরও বাড়িয়ে দিয়েছিল।
এ সময় দলের সাংগঠনিক কার্যক্রম নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি জানান, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের যেসব কমিটির মেয়াদ শেষ হয়ে গেছে, সেগুলো ভেঙে নতুন কমিটি গঠন করা হবে। নতুন নেতৃত্বকে সামনে আনার এই প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সাবেক তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ বরিশাল জেলা ও মহানগর বিএনপি, গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা এবং আশপাশের বিভিন্ন এলাকার দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


