দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট করেছে সরকার: নাহিদ ইসলাম

রাজনীতি
দুদক পুনর্গঠন করে এনসিপিকে টার্গেট করেছে সরকার: নাহিদ ইসলাম
১৯ সেপ্টেম্বর ২০২৬

সাত মাস পর দুর্নীতি দমন কমিশন (দুদক) পুনর্গঠন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বিরোধী দলকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এনসিপি আয়োজিত এক মানববন্ধনে তিনি এ অভিযোগ করেন। মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, সরকার যদি সাহসী হয়, তাহলে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সময়ের দুর্নীতির অভিযোগ তদন্ত করা উচিত। তার অভিযোগ, বিএনপি সরকার দুদককে ধ্বংস করেছে এবং এখন প্রতিষ্ঠানটিকে আগের সরকারের মতোই রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি আরও অভিযোগ করেন, সরকার পুলিশ সংস্কার কমিশন গঠন করেনি; বরং পুলিশকে বিরোধী মত দমনের জন্য প্রস্তুত করা হচ্ছে। একই সঙ্গে নির্বাচন কমিশনকেও দুর্বল করে দেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি।

মানববন্ধনে নাহিদ ইসলাম জাতীয় মানবাধিকার কমিশন আইন, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন এবং প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তার ভাষ্য, এসব আইনের মাধ্যমে নাগরিকের মতপ্রকাশ ও মৌলিক অধিকার সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে।

দুদকের কার্যক্রম নিয়ে এনসিপির অভিযোগের বিষয়ে এর আগে কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, বিভিন্ন পুরোনো অভিযোগ আইন অনুযায়ী পর্যায়ক্রমে নিষ্পত্তি করা হচ্ছে এবং কোনো ব্যক্তিকে রাজনৈতিকভাবে টার্গেট করা হচ্ছে না। দুদক নিজেদের স্বাধীন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবেও উল্লেখ করেছে।

এদিকে নাহিদ ইসলাম বলেন, গণতন্ত্র ও মতপ্রকাশের অধিকার রক্ষায় দেশের মানুষকে এগিয়ে আসতে হবে। সরকার বিরোধী মত দমনের পথ থেকে সরে এসে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করবে বলেও তিনি দাবি জানান।