পলাতক-পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী

রাজনীতি
পলাতক-পরাজিত শক্তি এক হয়ে ষড়যন্ত্রের চেষ্টা করছে: ভূমি প্রতিমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা ফেরার দাবি করে পলাতক ও পরাজিত শক্তি এক হয়ে সরকার পতনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তবে এসব তৎপরতায় সরকার ভয় পায় না বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (২১ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবো পৌর মিলনায়তনে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানাগার উপকরণ, নারী শিক্ষার্থীদের জন্য স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন এবং বিশুদ্ধ পানি সরবরাহে সাবমারসিবল পাম্প বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মীর হেলাল উদ্দিন বলেন, বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে এবং বিভিন্ন আন্তর্জাতিক ও নিরপেক্ষ সংস্থা দেশের অর্থনীতিতে স্থিতিশীলতার কথা বলছে, তখন একদিকে একজন পলাতক ব্যক্তি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলছেন। অন্যদিকে আরেকটি পক্ষ ডিসেম্বরে সরকার পতনের কথা বলছে। তার দাবি, এভাবেই পলাতক ও পরাজিত শক্তি এক হওয়ার চেষ্টা করছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, এসব তৎপরতায় কোনো লাভ হবে না এবং সরকার এ নিয়ে ভয় পায় না।

সরকারের এক ইঞ্চি জমিও কোনো অবৈধ দখলদারের দখলে থাকতে দেওয়া হবে না বলে ঘোষণা দেন ভূমি প্রতিমন্ত্রী। তিনি বলেন, যেসব সরকারি জমি দখল হয়ে আছে, সেগুলো উদ্ধার করে সরকারি ও জনগণের কাজে ব্যবহার করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দেশের জন্য ক্ষতিকর কোনো কর্মকাণ্ডে জড়িত হয়নি। একইভাবে দেশের ক্ষতি হয়—এমন কোনো কর্মকাণ্ডে কেউ যেন জড়িত না হন, সে আহ্বানও জানান তিনি।

দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য সবাইকে সঙ্গে নিয়ে সরকার কাজ করছে দাবি করে মীর হেলাল বলেন, এর মধ্যেই একাত্তরের পরাজিত শক্তি দেশে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।

এ সময় একটি রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, তারা একসময় ‘জান্নাতের টিকিট’ বিক্রির চেষ্টা করেছিল, কিন্তু তা সফল হয়নি। এখন তারা বাংলাদেশের মানুষকে ‘দোজখের পথে’ নিতে চায় বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে প্রতিমন্ত্রী তারাবো পৌর শিশু পার্কের আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূইয়া দিপু, জেলা প্রশাসক রায়হান কবীরসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।