বিরোধী দল গণতন্ত্র নস্যাতে নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ মন্ত্রী

রাজনীতি
বিরোধী দল গণতন্ত্র নস্যাতে নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ফাইল ফটো

২৬ সেপ্টেম্বর ২০২৬

গণতন্ত্রকে ধ্বংস করার জন্য বিরোধী দল নতুন চক্রান্তে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধী দলের বক্তব্য ও কর্মকাণ্ডে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে ওয়াপদাখালের তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে গালিগালাজ, বোমাবাজি ও ককটেল বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে। ১১ দলের দাবি না মানলে বোমাবাজি ও ককটেলবাজি বন্ধ হবে না—বিরোধী দলের এমন বক্তব্যেরও সমালোচনা করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, ‘গালিগালাজ এমনভাবে করে—এটা হলো বিরোধী দলের গণতন্ত্রের সৌন্দর্য। এটা যদি গণতন্ত্রের সৌন্দর্য হয়, এ দেশের মানুষ তাদের গ্রহণ করেনি, ভবিষ্যতেও করবে না। এদেরকে গণতন্ত্রের সৌন্দর্যও বলা যাবে না।’

মন্ত্রী অভিযোগ করেন, ৫ তারিখে যারা পালিয়ে গেছে, তারা এখন দেশের বাইরে বসে বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত রয়েছে। তাদের কর্মকাণ্ডের সঙ্গে বর্তমান বিরোধী দলের বক্তব্য ও কার্যক্রমের মিল রয়েছে বলেও দাবি করেন তিনি। গাড়িতে আগুন, ককটেল বিস্ফোরণ ও ঝটিকা মিছিলের মতো কর্মকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন এ্যানি।

দেশের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে এবং তারেক রহমানের সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করেন তিনি।

বিরোধী দলকে সতর্ক করে পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘এটা জিয়ার দল, এটা খালেদা জিয়ার দল। আন্দোলন করতে করতে এখানে এসেছি, রাজপথ থেকে আমরা উঠে এসেছি। রাজপথে আমরা ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করেছি। আগামী দিনে এই অপশক্তিকে আমরা মোকাবিলা করব রাজপথে।’

বিরোধী দলের সংসদীয় বক্তব্য ও রাজপথের বক্তব্যের মধ্যে পার্থক্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এ্যানি বলেন, সংসদে বিরোধী দল সুন্দরভাবে কথা বললেও বাইরে গিয়ে তারা ‘৭১-এর রূপ ধারণ করে’ এবং সরকারের বিরুদ্ধে অসভ্য, অশালীন ও শিষ্টাচারবহির্ভূত ভাষায় কথা বলে।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।