আ.লীগকে ফেরাতে সরকার ও প্রশাসনের একটি অংশ সক্রিয়: পরওয়ার
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। ফাইল ছবি
সরকারের ভেতরে থাকা একটি অংশ ও প্রশাসনে থাকা ফ্যাসিবাদের দোসরদের একটি চক্র কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে আবার রাজনৈতিক কর্মকাণ্ডে ফেরানোর জন্য ইন্ধন দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঝিনাইদহে সাংগঠনিক সফরে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার বলেন, সরকারি দলের মন্ত্রী ও নেতারা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে আনতে জামায়াতে ইসলামী সহায়তা করছে বলে যে অভিযোগ করছেন, তার প্রমাণ দিতে হবে। তার দাবি, সরকারের ভেতরের একটি অংশ এবং প্রশাসনে থাকা আওয়ামী লীগের সমর্থকরা দলটিকে দেশে ফিরিয়ে আনতে ইন্ধন দিয়ে যাচ্ছেন।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রসঙ্গ তুলে তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা ও প্রশাসন সক্রিয় থাকার পরও একই সময়ে বিভিন্ন জেলায় নিষিদ্ধ ঘোষিত একটি দলের নেতা-কর্মীরা কীভাবে মিছিল করার সুযোগ পেলেন, তা তদন্ত করা প্রয়োজন।
জামায়াতের নেতা-কর্মীদের আওয়ামী লীগের মিছিলের মামলায় গ্রেপ্তার ও আসামি করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে অবস্থান করে রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন এবং ভারত থেকে সমর্থন পাচ্ছেন—এটি বাংলাদেশের জন্য হুমকি বলেও মন্তব্য করেন গোলাম পরওয়ার। শেখ হাসিনাকে ভারতে অবস্থানের সুযোগ দেওয়ায় দিল্লি বাংলাদেশের সঙ্গে প্রতিবেশীসুলভ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ভর্তুকি ও লোকসানের যুক্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর সমালোচনা করেন জামায়াতের এই নেতা। তিনি বলেন, রাষ্ট্র কোনো মুদিদোকান নয় যে লাভ-লোকসানের হিসাব করবে। জনগণের কর ও রাজস্বের অর্থ দিয়েই রাষ্ট্র পরিচালিত হয়।
ছয় মাসের মধ্যে তিনবার দ্রব্যমূল্য বাড়ানোর সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জ্বালানি তেলের দাম বাড়লে উৎপাদন, পরিবহন, বিপণন, কৃষি ও সেচসহ মানুষের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি খাতে এর প্রভাব পড়ে।


