বিমানবন্দরের ঘটনায় গ্রেপ্তার আখতারুজ্জামান, মুক্তি চাইলেন জামায়াত আমির
মেজর (অব.) আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি এবং তার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
শফিকুর রহমান বলেন, বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান কাউকে শারীরিকভাবে নাজেহাল করেননি। তার বিরুদ্ধে আনা অভিযোগকে ‘সম্পূর্ণ মিথ্যা’ দাবি করে তিনি গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানান।
জামায়াত আমিরের দাবি, বিমানবন্দরে অনিয়ম ও অব্যবস্থাপনা ছিল বলেই ঘটনার পর দুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আখতারুজ্জামান যাত্রী হয়রানি এবং প্রবাসফেরত বাংলাদেশিদের সঙ্গে অন্যায় আচরণের প্রতিবাদ করেছিলেন বলেও দাবি করেন তিনি।
আখতারুজ্জামানের ভাষা নিয়ে প্রশ্ন থাকলে তা দেখা যেতে পারে উল্লেখ করে শফিকুর রহমান বলেন, তিনি যে বিষয়গুলোর প্রতিবাদ করেছেন, সেগুলোর ভুক্তভোগী ও সাক্ষী বিমানবন্দরে উপস্থিত যাত্রীরা।
তিনি আরও বলেন, বিমানবন্দরের অনিয়ম, যাত্রী হয়রানি ও অসংগতি আড়াল করার উদ্দেশ্যে যদি আখতারুজ্জামানকে হয়রানিমূলকভাবে গ্রেপ্তার করা হয়ে থাকে, তবে তা ‘অশনি সংকেত’। ভুক্তভোগী জনগণ এমন বিষয় মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


