অসহায় পাঁচ এতিম কন্যার পাশে প্রধানমন্ত্রীর সহায়তা
ছবি: সংগৃহীত
ঢাকার দোহার উপজেলার রাধানগর গ্রামের মা-বাবাহারা পাঁচ কন্যার পরিবারের পাশে দাঁড়িয়েছে ‘আমরা বিএনপি পরিবার’। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রধানমন্ত্রীর নজরে আসার পর তাঁর পক্ষ থেকে পরিবারটির জন্য আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দোহার উপজেলার বিলাশপুর ইউনিয়নের রাধানগর গ্রামে প্রয়াত কৃষক দম্পতি আবুল কালাম আজাদ ও ফরিদা বেগমের বাড়িতে যায়। তারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং পাঁচ কন্যার খোঁজখবর নেন। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের হাতে আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
মোকছেদুল মোমিন মিথুন বলেন, সংবাদমাধ্যমে পরিবারের দুর্দশার খবর প্রকাশের পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর পরিবারটির পাশে দাঁড়াতে প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ভবিষ্যতেও অসহায় ও বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর উদ্যোগ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে আয়োজিত এ কার্যক্রমে ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘদিনের অভাব-অনটন ও ঋণের চাপে ৩১ দিনের ব্যবধানে মারা যান কৃষক আবুল কালাম আজাদ ও তাঁর স্ত্রী ফরিদা বেগম। প্রথমে ফরিদা বেগমের মৃত্যু হয়। পরে ২৯ সেপ্টেম্বর নিজ বসতঘর থেকে ঝুলন্ত অবস্থায় আবুল কালাম আজাদের মরদেহ উদ্ধার করা হয়। তাঁদের পাঁচ কন্যা মা-বাবাকে হারিয়ে অভিভাবকহীন হয়ে পড়েন।


