প্রশাসনে বসে এখনও ষড়যন্ত্র করছে ফ্যাসিবাদের দোসররা’: রিজভী
প্রশাসনসহ বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দোসররা এখনও ঘাপটি মেরে রয়েছে এবং নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে নানা ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) প্রাঙ্গণে ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আগে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি করেন।
রিজভী বলেন, একটি নির্বাচিত সরকারকে বিপাকে ফেলা ও দেশকে অস্থিতিশীল করার জন্য পতিত দোসররা নানাভাবে কাজ করছে। তারা নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা।
পুলিশের ভ্যান থেকে একজন শীর্ষ সন্ত্রাসী কীভাবে পালিয়ে যেতে পারে—এমন প্রশ্নও তোলেন রিজভী। এ ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তিনি বলেন, ডেঙ্গু মোকাবিলায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আগে থেকেই সচেতন হলে রোগটির বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
রিজভী জানান, বাসাবাড়ির আশপাশে জমে থাকা ও পচা পানি দ্রুত পরিষ্কার করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যাতে ডেঙ্গুর প্রজননস্থল তৈরি না হয়। পাশাপাশি জনস্বার্থে ডেঙ্গু পরীক্ষা বিনামূল্যে করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের সরকার। কোনো ধরনের নৈরাজ্য ও অপরাধকে সরকার প্রশ্রয় দেবে না।


