নতুন আমির নির্বাচন নিয়ে বিরোধ, জামায়াতের কার্যালয়ে ভাঙচুর

রাজনীতি
নতুন আমির নির্বাচন নিয়ে বিরোধ, জামায়াতের কার্যালয়ে ভাঙচুর
১৫ অক্টোবর ২০২৬

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর নতুন আমির নির্বাচনকে কেন্দ্র করে দলটির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের গাড়ি ভাঙচুর এবং দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বুধবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নগরীর মোগলটুলীতে অবস্থিত মহানগর জামায়াতের দলীয় কার্যালয়ে এ ঘটনা ঘটে।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন আমির নির্বাচন নিয়ে বেশ কিছুদিন ধরে মহানগর জামায়াতের শীর্ষ নেতাদের মধ্যে মতবিরোধ চলছিল। বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কমিটি গঠন নিয়ে বৈঠক চলাকালে সেই বিরোধ প্রকাশ্যে আসে। বর্তমান সেক্রেটারি মাহবুবুর রহমান নতুন কমিটির আমির হতে পারেন—এমন গুঞ্জনকে কেন্দ্র করে প্রথমে উত্তেজনা ও পরে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জামায়াতের একটি অংশ তাঁর গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এ ঘটনায় দলটির সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন এবং দাওয়াহ ও তথ্য সম্পাদক হোসেনসহ কয়েকজনের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর ও দলীয় কার্যালয়ের ছাদে ককটেল বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

বক্তব্য জানতে সহকারী সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

ঘটনার বিষয়ে মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘এটি আমাদের অভ্যন্তরীণ বিষয়। আমরা এ বিষয়ে গণমাধ্যমে ব্রিফিং দেব। বর্তমানে আমাদের মিটিং চলছে।’

এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ ও সেক্রেটারি মাহবুবুর রহমানের সঙ্গেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের পাওয়া যায়নি।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। দলের ঊর্ধ্বতন নেতারা কার্যালয়ের ভেতরে আছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পাশাপাশি কেউ লিখিত অভিযোগও দেননি।