সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের

রাজনীতি
সালাহউদ্দিন আহমদের ব্যর্থতার বলি হতে হবে ইশরাকদের
১৯ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণা নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তাঁর প্রশ্ন, একজন প্রতিমন্ত্রীকে কেন নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে রাস্তায় নামতে হলো, এর জবাব সরকারের দেওয়া উচিত।

সোমবার (১৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এসব কথা লেখেন হাসনাত আবদুল্লাহ।

পোস্টে তিনি বলেন, ইশরাকের অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে নামার ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যকারিতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। মাদক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলো যথাযথভাবে কাজ করলে একজন প্রতিমন্ত্রীকে সরাসরি মাঠে নামতে হতো কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

হাসনাত লেখেন, এ পরিস্থিতির দায় শুধু ইশরাক হোসেনের কি না, নাকি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ব্যর্থতারও দায় রয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো মাদক নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর দায়ও নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এনসিপির এই নেতা আরও বলেন, একজন প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়াকে যদি সমস্যার সমাধান হিসেবে বিবেচনা করা হয়, তাহলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি কীভাবে নিশ্চিত হবে? তাঁর মতে, দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলো কার্যকর থাকলে জনপ্রতিনিধিদের নিজের হাতে আইন তুলে নেওয়ার মতো পরিস্থিতিতে পড়ার কথা নয়।

প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন হাসনাত। তিনি লেখেন, হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবার মান নিশ্চিত করার জন্য নির্দিষ্ট কর্তৃপক্ষ ও তদারকি ব্যবস্থা রয়েছে। এসব ব্যবস্থা যথাযথভাবে কাজ করলে প্রধানমন্ত্রীকে সরাসরি হাসপাতালে গিয়ে শৌচাগার পরিদর্শন করতে হতো কি না, তা নিয়েও প্রশ্ন ওঠে।

হাসনাতের ভাষ্য, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে প্রধানমন্ত্রীকে নিজে তদারকি করতে হলে কিংবা প্রতিমন্ত্রীকে মাদক নিয়ন্ত্রণে সরাসরি রাস্তায় নামতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব ও কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠবেই।

তিনি আরও লেখেন, ব্যক্তিকে সরিয়ে দিয়ে সাময়িকভাবে সংকট সামাল দেওয়া সম্ভব হলেও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার সমাধান হয় না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা নিশ্চিত করা, ব্যর্থতার কারণ অনুসন্ধান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে হাসনাত আবদুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার বলি হতে হবে ইশরাক হোসেনদের। একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ঘের দখল, দুর্নীতি ও ঘুষের মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার অভিযোগও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে সমালোচনার মুখে পড়েন ইশরাক হোসেন। সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি চাওয়ার কথা জানান এবং বলেন, তাঁর মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে।