রাজাকার-ফ্যাসিবাদ কারও ওপরই আস্থা রাখা যায় না: টুকু
ছবি: সংগৃহীত
একাত্তরের স্বাধীনতাবিরোধী রাজাকার কিংবা নব্য ফ্যাসিবাদী শক্তি—কারও কাছেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
তিনি বলেন, ষড়যন্ত্র করে কখনো মানুষের হৃদয় জয় করা যায় না। পলাতক স্বৈরাচারী চক্র দেশে ফেরার চেষ্টা করলেও জনগণই তাদের প্রতিহত করবে।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) টাঙ্গাইল শহীদ মিনারে জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুল হক মোহনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি। জেলা বিএনপি এ মাহফিলের আয়োজন করে।
প্রতিমন্ত্রী বলেন, জনগণ তাঁদের দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে এবং বিএনপির ওপর আস্থা ও বিশ্বাস রেখেছে। তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও স্বাধীনতা সম্পূর্ণ নিরাপদ বলে মন্তব্য করেন তিনি।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, একটি দল স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, যাদের রাজাকার বলা হয়। অন্য একটি দল নব্য ফ্যাসিবাদী শক্তি হিসেবে বিদায় নিয়েছে। তাঁর অভিযোগ, ওই শক্তি অসংখ্য মানুষকে হত্যা করলেও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। একইভাবে একাত্তরের রাজাকারদেরও অনুশোচনা নেই বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, দেশে ষড়যন্ত্রের চেষ্টা করা হলেও তাতে সফল হওয়া যাবে না। কারণ, ষড়যন্ত্রের মাধ্যমে মানুষের হৃদয় জয় করা সম্ভব নয়।
জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, দেশপ্রেমকে ধারণ করে সবাইকে এগিয়ে যেতে হবে। দেশের মানুষ সঙ্গে থাকলে এবং সবাই ঐক্যবদ্ধ ও সজাগ থাকলে জাতীয়তাবাদী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি থাকবে না বলে মন্তব্য করেন তিনি।


