সংসদে বিরোধী দলের বক্তব্যের কোনো মূল্যায়ন হচ্ছে না: নাহিদ

রাজনীতি
সংসদে বিরোধী দলের বক্তব্যের কোনো মূল্যায়ন হচ্ছে না: নাহিদ
২৫ অক্টোবর ২০২৬

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয়করণের প্রতিবাদে আগামী ৩০ অক্টোবরের গণবিক্ষোভ কর্মসূচি সফল করতে লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ঢাকা মহানগর দক্ষিণ।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম চলতি জাতীয় সংসদের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, ১৬ বছর পর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত নতুন সংসদের মূল্য এখন দুই আনাও নেই। এই সংসদ পাঁচ বছর টিকবে কি না, তা নিয়েও সন্দেহ রয়েছে।

নাহিদ ইসলামের অভিযোগ, জাতীয় সংসদে বিরোধী দলের বক্তব্যের কোনো মূল্যায়ন হচ্ছে না। একইভাবে জনগণের কণ্ঠস্বরও উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়া প্রয়োজন। তাঁর মতে, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকাকালে কোনোভাবেই আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব নয়।

জ্বালানি খাতের ব্যর্থতার দায় স্বীকার করে জ্বালানিমন্ত্রীরও পদত্যাগ দাবি করেন নাহিদ ইসলাম। একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ গঠনের আহ্বান জানান তিনি।

সংবিধান সংশোধন কমিটির কার্যক্রমের সমালোচনা করে নাহিদ বলেন, কমিটির নামে যে প্রহসন চলছে, তা বন্ধ করতে হবে। তাঁর দাবি, জনগণ এই কমিটিকে প্রত্যাখ্যান করেছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসককে বিএনপির মেয়র প্রার্থী ঘোষণার বিষয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, প্রশাসকের দায়িত্বে থাকা কোনো ব্যক্তির স্থানীয় সরকার নির্বাচনে অংশ নেওয়া উচিত নয়।

জেলা পরিষদ ও সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকেরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না বলেও দাবি জানান তিনি। এ বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর দেওয়া বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানান এনসিপির আহ্বায়ক।

কর্মসূচিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী, দলটির রাজনৈতিক পর্ষদের সদস্য আলী আহসান জুনায়েদসহ কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।