স্বরাষ্ট্রমন্ত্রী-জ্বালানিমন্ত্রীর পদত্যাগ না হলে রাজপথে বড় কর্মসূচি: নাহিদ
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রী পদত্যাগ না করলে আন্দোলনের মিছিল আরও বড় করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। দাবি আদায় না হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে মিছিল নিয়ে ঘেরাও করার ঘোষণাও দিয়েছেন তিনি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে আয়োজিত গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
সমাবেশে তিনি বলেন, গত এক সপ্তাহ ধরে এনসিপির নেতাকর্মীরা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন। তাদের সঙ্গে কথা বলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়টি উঠে এসেছে। মানুষের জীবনযাত্রা নাজেহাল হয়ে পড়েছে এবং দেশে মানুষের নিরাপত্তা নেই বলেও মন্তব্য করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। তারা পদত্যাগ না করলে আন্দোলনের কর্মসূচি আরও বিস্তৃত করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, সংবিধান সংস্কারের জন্য গঠিত কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠন করতে হবে।
সরকারের সমালোচনা করে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ পরিচালনার কোনো পরিকল্পনা নেই। বরং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজির পরিকল্পনা রয়েছে বলে অভিযোগ করেন তিনি। বিএনপির মধ্যে ‘নব্য স্বৈরাচারের’ উত্থান ঘটছে বলেও মন্তব্য করেন নাহিদ।
সমাবেশে ডিসেম্বর মাসে পতিত স্বৈরাচারের দেশে ফেরার সম্ভাবনা নিয়েও কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, বিএনপি অতীতে নিজেদের নেতাকর্মীদের রক্ষা করতে পারেনি, ফলে জনগণকে কীভাবে নিরাপত্তা দেবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
তিনি আরও অভিযোগ করেন, সীমান্ত হত্যা, হিন্দু সম্প্রদায়কে ঘিরে ষড়যন্ত্র এবং পাহাড়ি অঞ্চলে অস্থিরতা তৈরির মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এসব পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।


