২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি প্রকাশ
আগামী বছরের পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে—এ নিয়ে মুসলিমদের আগ্রহের মধ্যে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম জর্ডান নিউজ এ পূর্বাভাস দিয়েছে।
প্রকাশিত তথ্যানুযায়ী, ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান মাস মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি, সোমবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার-সংক্রান্ত তথ্যেও একই সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে।
জ্যোতির্বৈজ্ঞানিক বিশ্লেষণ অনুযায়ী, ৬ ফেব্রুয়ারি শাবান মাসের ২৯ তারিখে রমজানের চাঁদ পর্যবেক্ষণ করা হবে। তবে চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিন পূর্ণ করবে এবং ৭ ফেব্রুয়ারি শেষ হওয়ার পর ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।
একই পূর্বাভাসে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সে ক্ষেত্রে ৮ মার্চ রমজানের শেষ দিন এবং ৯ মার্চ, মঙ্গলবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
তবে ইসলামি ক্যালেন্ডার সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তাই জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব সম্ভাব্য সময়সূচির ধারণা দিলেও রমজান ও ঈদুল ফিতরের চূড়ান্ত তারিখ সংশ্লিষ্ট দেশের চাঁদ দেখা কমিটির আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমেই নির্ধারিত হবে।
বাংলাদেশে সাধারণত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার পার্থক্যের কারণে মধ্যপ্রাচ্যের তুলনায় একদিন পর রমজান শুরু এবং ঈদুল ফিতর উদযাপিত হওয়ার নজির বেশি দেখা যায়।
সূত্র: জর্ডান নিউজ


